The National Press
সর্বশেষ
লোড হচ্ছে...
দেশে হামের পরিস্থিতি আরও উদ্বেগজনক, একদিনে ২ শিশুর মৃত্যু

দেশে হামের পরিস্থিতি আরও উদ্বেগজনক, একদিনে ২ শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদকদেশে হামের পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৮১৫ জনের শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে। এ ছাড়া পরীক্ষায় আরও ৬৫ জনের শরীরে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে।

শনিবার (২২ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হাম পরিস্থিতি বিষয়ক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মারা গেছেন ৮৩১ জন। এর বাইরে নিশ্চিতভাবে হাম শনাক্ত হওয়ার পর মৃত্যু হয়েছে ৯৯ জনের। সব মিলিয়ে হামের উপসর্গ ও নিশ্চিত হাম—দুই হিসাব মিলিয়ে মোট প্রাণহানি দাঁড়িয়েছে ৯৩০ জনে।

এদিকে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৬৫ জনের শরীরে হাম শনাক্ত হওয়ায় ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে নিশ্চিত হাম আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ২৭৩ জনে।

হামের উপসর্গ নিয়ে আক্রান্তের সংখ্যাও বাড়ছে। গত এক দিনে নতুন করে ৮১৫ জনের মধ্যে হামের উপসর্গ দেখা গেছে। ফলে ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গযুক্ত রোগীর মোট সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৪৮ হাজার ৪০৬ জনে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, এই সময়ে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ২৯ হাজার ৫৮৩ জন। তাদের মধ্যে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১ লাখ ২৫ হাজার ১৫১ জন।

হামের উপসর্গ নিয়ে মৃত্যুর পাশাপাশি প্রতিদিন নতুন রোগী শনাক্ত হওয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বাস্থ্যসেবা ও প্রতিরোধমূলক কার্যক্রম আরও জোরদার করার প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। বিশেষ করে শিশুদের মধ্যে হামের সংক্রমণ ও জটিলতা নিয়ে উদ্বেগ বাড়ছে।

২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট মৃত্যু ৯২৮

২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট মৃত্যু ৯২৮

সারা দেশে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে হাম ও এর উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯২৮ জনে।

শুক্রবার (২১ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ৯৪০ জন ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ৬৪ জনের শরীরে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে। বাকি ৮৭৬ জনের মধ্যে হামের উপসর্গ পাওয়া গেছে।

গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও এর উপসর্গে মারা যাওয়া ৯২৮ জনের মধ্যে ৯৯ জনের শরীরে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছিল।

একই সময়ে সারা দেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৪৭ হাজার ৫৯১ জনে। এ পর্যন্ত মোট ১৮ হাজার ২০৮ জনের শরীরে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে।

দেশে হামের সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা নিয়ে উদ্বেগের মধ্যে স্বাস্থ্য অধিদপ্তর পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। আক্রান্তদের চিকিৎসা নিশ্চিত করার পাশাপাশি সংক্রমণ প্রতিরোধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।


হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১ হাজার ৩১

হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১ হাজার ৩১

নিজস্ব প্রতিবেদক: দেশে হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় আরও সাত শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছে ১ হাজার ৩১ জন।

সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত হামবিষয়ক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, নতুন আক্রান্তদের মধ্যে ৫০ জনের শরীরে হাম নিশ্চিত হয়েছে। অন্যদিকে ৯৮১ জনের মধ্যে হামের উপসর্গ দেখা গেছে।

গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারাদেশে হাম ও হামের উপসর্গে মোট ৯১৫ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ৮১৬ জনের মৃত্যু হয়েছে হামের উপসর্গ নিয়ে এবং ৯৯ জনের মৃত্যু হয়েছে নিশ্চিত হাম আক্রান্ত হয়ে।

এ সময়ে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৪৩ হাজার ৭৭৮ জনে। এর মধ্যে ১৭ হাজার ৯৩০ জনের শরীরে হাম নিশ্চিতভাবে শনাক্ত হয়েছে।

এ ছাড়া হামের উপসর্গ নিয়ে এ পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ২৫ হাজার ৩৮৬ জন। তাদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ২০ হাজার ৯১৩ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ পরিসংখ্যানে প্রতিদিন নতুন রোগী ও মৃত্যুর সংখ্যা সামনে আসায় দেশের হাম পরিস্থিতি নিয়ে উদ্বেগ অব্যাহত রয়েছে। বিশেষ করে শিশুদের মধ্যে হামের উপসর্গজনিত মৃত্যুর ঘটনা জনস্বাস্থ্য পরিস্থিতিকে আরও গুরুত্বপূর্ণ করে তুলেছে।

“কোনো মন্ত্রীর পেছনে টাকা নিয়ে ঘুরিনি”; অভিযোগ উড়িয়ে আদ-দ্বীনের নির্বাহী পরিচালক

“কোনো মন্ত্রীর পেছনে টাকা নিয়ে ঘুরিনি”; অভিযোগ উড়িয়ে আদ-দ্বীনের নির্বাহী পরিচালক

 


রাজধানীর আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাঁচানোর জন্য কর্তৃপক্ষ কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে বলে স্বাস্থ্যমন্ত্রী যে দাবি করেছিলেন, তা সরাসরি নাকচ করে দিয়েছেন আদ-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ডা. শেখ মহিউদ্দিন। তীব্র ক্ষোভ বিস্ময় প্রকাশ করে তিনি এই দাবিকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে উল্লেখ করেছেন।

সোমবার বিকেলে আদ-দ্বীন হাসপাতাল প্রাঙ্গণে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি অত্যন্ত দৃঢ়তার সাথে এই অস্বীকৃতি জানান। মূলত গত শনিবার নরসিংদীর মনোহরদীতে একটি অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেনের দেওয়া এক বক্তব্যের পরিপ্রক্ষিতেই এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

ওই অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী বলেছিলেন, "সরকারি সুবিধা পেতে এখন আর কাউকে ঘুস দিতে হয় না। আমাদের প্রধানমন্ত্রীর কড়া নির্দেশ সবাইকে দুর্নীতির ঊর্ধ্বে থাকতে হবে। আদ-দ্বীন হাসপাতাল কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে, কিন্তু লাইসেন্স বাতিল করে দিয়েছি। অন্যদিকে জামায়াতের নেতারা আজ আদ-দ্বীনের পক্ষে কথা বলেন।"

স্বাস্থ্যমন্ত্রীর এমন গুরুতর চাঞ্চল্যকর অভিযোগের বিষয়ে সাংবাদিকরা জানতে চাইলে ডা. শেখ মহিউদ্দিন স্বভাবসুলভ ভাষায় জবাব দেন। তিনি সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেন, "আমি কেন মন্ত্রীর পেছনে ঘুরবো? যদি মন্ত্রী বিষয়ে কিছু বলে থাকেন তাকেই সেটি প্রমাণ দিতে হবে। আমি টাকা নিয়ে ঘুরিনি।"

এই বেসরকারি হাসপাতালটির নিবন্ধন বাতিলের বিষয়েও নিজের পরবর্তী পদক্ষেপের কথা জানান তিনি। ডা. শেখ মহিউদ্দিন স্পষ্ট করে বলেন, হাসপাতালের নিবন্ধন বাতিলের বিষয়ে তারা আইনি লড়াই চালিয়ে যাবেন এবং এই অন্যায্য সিদ্ধান্তের বিরুদ্ধে আগামীকাল মঙ্গলবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আনুষ্ঠানিকভাবে আপিল করবেন।