খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ, যা বললেন হাসিনা ও জয় - The Future Press

শিরোনাম

Home Top Ad

Post Top Ad

Tuesday, December 30, 2025

খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ, যা বললেন হাসিনা ও জয়


 বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানিয়ে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ও তার ছেলে সজীব ওয়াজেদ জয়।

আনন্দবাজার জানিয়েছে, রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন শেখ হাসিনা। শোকবার্তায় খালেদার ‘গণতন্ত্র প্রতিষ্ঠায় অবদানের’ কথা স্বীকার করেছেন হাসিনা। খালেদার জ্যেষ্ঠপুত্র তারেক রহমান এবং পরিবারের অন্য সদস্যদের সমবেদনাও জানিয়েছেন আওয়ামী লীগ নেত্রী।

তিনি লিখেছেন, বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে ও গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে তাঁর (খালেদা) অবদান অপরিসীম। তার মৃত্যুতে বাংলাদেশের বর্তমান রাজনীতিতে এবং বিএনপি নেতৃত্বের এক অপূরণীয় ক্ষতি হল। আমি বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনা করছি।

এদিকে, মঙ্গলবার (৩০ ডিসেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ শোক জানান সজিব ওয়াজেদ জয়।

ফেসবুক পোস্টে সজীব ওয়াজেদ জয় লেখেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।

তিনি বলেন, দেশের এই সংকটময় মুহূর্তে, যখন সাধারণ মানুষ নিরাপত্তার অভাবে ভুগছেন এবং দেশকে অস্থিতিশীল ও বিরাজনীতিকরণের অপচেষ্টা চলছে, তখন তার এই চলে যাওয়া বাংলাদেশের উত্তরণের পথে এক গভীর প্রভাব ফেলবে।

সজীব ওয়াজেদ আরও বলেন, অতীতের নানা বিরাজনীতিকরণ প্রক্রিয়ার শিকার হওয়া সত্ত্বেও, নিজের দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি অসংখ্য সাফল্য অর্জন করেছেন এবং দেশের জন্য বিভিন্ন গুরুত্বপূর্ণ নীতি নির্ধারণ করেছেন। জাতি গঠনে তার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে; তবে তার মৃত্যু বর্তমানে বাংলাদেশকে স্থিতিশীল করার প্রচেষ্টায় একটি বড় ধাক্কা।

সবশেষ তিনি লেখেন, তার অসংখ্য সমর্থক ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি রইল আন্তরিক সমবেদনা।

মঙ্গলবার ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া।

No comments:

Post Bottom Ad

Pages

Copyright © 2025 Futurepress24 -All Rights Reserved