ঘুমন্ত নারীকে টেনে নিয়ে গেল বাঘ, হাসপাতালে মৃত্যু
রোববার (২ আগস্ট) রাতে কানহা জাতীয় উদ্যানের খাপা রেঞ্জের অন্তর্গত পররাপুর বৈগাটোলা গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহতের নাম সুগনি বাই ধুরভে (৩০)।
স্থানীয়দের বরাতে জানা গেছে, রাত প্রায় দেড়টার দিকে একটি বাঘ লোকালয়ে ঢুকে সুগনি বাইয়ের কুঁড়েঘরে প্রবেশ করে। সে সময় তিনি ঘুমিয়ে ছিলেন। বাঘটি তার মাথায় কামড় বসিয়ে ঘর থেকে টেনে বাইরে নিয়ে যায়।
পরিবারের সদস্যদের চিৎকারে আশপাশের লোকজন টর্চ ও লাঠিসোঁটা নিয়ে ঘটনাস্থলে ছুটে আসেন। মানুষের উপস্থিতি টের পেয়ে বাঘটি প্রায় ৩০০ মিটার দূরে সুগনি বাইকে ফেলে জঙ্গলের দিকে পালিয়ে যায়।
পরে গুরুতর আহত অবস্থায় তাকে বাইহার হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। চিকিৎসকদের মতে, মাথায় গুরুতর আঘাতের কারণেই তার মৃত্যু হয়েছে।
কানহা জাতীয় উদ্যান কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনার তদন্ত চলছে এবং এ বিষয়ে বিস্তারিত প্রতিবেদন প্রস্তুত করা হচ্ছে। একই সঙ্গে পুলিশ একটি অপমৃত্যুর মামলা দায়ের করেছে।
বন বিভাগের কর্মকর্তারা জানান, গত কয়েক মাসে ওই এলাকায় বাঘ ও চিতাবাঘের লোকালয়ে প্রবেশের ঘটনা বেড়েছে। নতুন করে এমন ঘটনা এড়াতে এলাকায় খাঁচা বসানো, রাতের টহল জোরদার এবং বন্যপ্রাণী পর্যবেক্ষণের ব্যবস্থা নেওয়া হয়েছে। এছাড়া সরকারি নীতিমালা অনুযায়ী নিহতের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া হবে।
এদিকে স্থানীয় জনপ্রতিনিধিদের অভিযোগ, দরজাবিহীন একটি কুঁড়েঘরে বসবাস করছিল সুগনি বাইয়ের পরিবার। সরকারি আবাসন সুবিধা না পাওয়ায় তারা দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় জীবনযাপন করছিলেন। তাদের দাবি, পর্যাপ্ত নিরাপত্তা ও আবাসনের ব্যবস্থা থাকলে এমন মর্মান্তিক দুর্ঘটনা এড়ানো সম্ভব হতে পারত।
সূত্র: এনডিটিভি।