The National Press
সর্বশেষ
লোড হচ্ছে...

শেখ হাসিনা যেন ভারতের ভূখণ্ড থেকে বক্তব্য দিতে না পারেন: ভারতীয় হাইকমিশনারকে পররাষ্ট্র উপদেষ্টা

Monday, August 03, 2026 The National Press
শেখ হাসিনা যেন ভারতের ভূখণ্ড থেকে বক্তব্য দিতে না পারেন: ভারতীয় হাইকমিশনারকে পররাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যাতে ভারতের ভূখণ্ড ব্যবহার করে রাজনৈতিক বক্তব্য দিতে বা বাংলাদেশের অভ্যন্তরে অস্থিতিশীলতা সৃষ্টির উদ্দেশ্যে কোনো কর্মকাণ্ড পরিচালনা করতে না পারেন, সে বিষয়ে ভারতের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ।

সোমবার (৩ আগস্ট) প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং ঢাকায় নিযুক্ত ভারতের নবনিযুক্ত হাইকমিশনার দিনেশ ত্রিবেদীর সৌজন্য সাক্ষাতে এ বিষয়টি গুরুত্বের সঙ্গে আলোচিত হয়।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের তেজগাঁও কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে বাংলাদেশ-ভারত দ্বিপাক্ষিক সম্পর্ক, আঞ্চলিক সহযোগিতা এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় হয়।

বৈঠকে হুমায়ুন কবির বলেন, শেখ হাসিনাসহ কার্যক্রম নিষিদ্ধ কোনো সংগঠনের ব্যক্তি যেন ভারতের মাটি ব্যবহার করে রাজনৈতিক বক্তব্য দিতে বা বাংলাদেশের অভ্যন্তরে অস্থিরতা সৃষ্টির উদ্দেশ্যে কোনো কার্যক্রম পরিচালনা করতে না পারেন, সে বিষয়ে বাংলাদেশ ভারতের সহযোগিতা প্রত্যাশা করে।

তিনি আরও বলেন, এ ধরনের কর্মকাণ্ড দুই দেশের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও ইতিবাচক অগ্রগতিকে ক্ষতিগ্রস্ত করতে পারে। তাই বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা প্রয়োজন।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া শেখ হাসিনার সম্ভাব্য বক্তব্যসংক্রান্ত আলোচনাও বৈঠকে উঠে আসে। এ বিষয়ে ভারতীয় হাইকমিশনার দিনেশ ত্রিবেদী জানান, বিষয়টি যথাযথভাবে খতিয়ে দেখা হবে এবং প্রয়োজনীয় পদক্ষেপ নিতে ভারত সচেষ্ট থাকবে।

বৈঠকে উভয় পক্ষই পারস্পরিক শ্রদ্ধা, আস্থা ও অভিন্ন স্বার্থের ভিত্তিতে বাংলাদেশ-ভারত সম্পর্ক আরও সুদৃঢ় করার প্রত্যয় ব্যক্ত করেন। পাশাপাশি দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন ইস্যুতে নিয়মিত সংলাপ ও গঠনমূলক যোগাযোগ অব্যাহত রাখার ওপরও গুরুত্বারোপ করা হয়।