সরাসরি বা ভিডিও নয়, এবার অডিও বার্তায় কথা বলবেন শেখ হাসিনা
দক্ষিণ এশিয়ার ফরেন করেসপন্ডেন্টস ক্লাব (এফসিসি) আয়োজিত এই অনুষ্ঠানে শেখ হাসিনা নিরাপত্তাজনিত কারণে ভিডিও নয়, কেবল অডিও সংযোগের মাধ্যমে অংশ নেবেন বলে জানিয়েছে আয়োজকরা। আন্তর্জাতিক সংবাদমাধ্যম সিএনএন-নিউজ১৮–এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, ভারতের একটি অজ্ঞাত স্থান থেকে শেখ হাসিনা অনুষ্ঠানে যুক্ত হবেন। ২০২৪ সালের আগস্টে বাংলাদেশ ত্যাগের পর থেকেই তিনি ভারতে অবস্থান করছেন।
আয়োজকদের তথ্য অনুযায়ী, অনুষ্ঠানে তিনি নিজের রাজনৈতিক ভবিষ্যৎ, বাংলাদেশে ফেরার পরিকল্পনা এবং দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বক্তব্য রাখতে পারেন। পাশাপাশি একপর্যায়ে দেশি-বিদেশি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নেরও উত্তর দেওয়ার সম্ভাবনা রয়েছে।
ক্ষমতা ছাড়ার পর এটিই হবে শেখ হাসিনার প্রথম সরাসরি আন্তর্জাতিক গণমাধ্যমের মুখোমুখি হওয়া। এর আগে তিনি বিভিন্ন সময়ে লিখিত বিবৃতি ও রেকর্ড করা বার্তার মাধ্যমে নিজের অবস্থান তুলে ধরেছিলেন।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, অনুষ্ঠানে আওয়ামী লীগের কয়েকজন জ্যেষ্ঠ নেতা, শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় এবং সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল সরাসরি বা ভার্চুয়ালি অংশ নিতে পারেন।
এদিকে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ২০২৪ সালের আন্দোলন ঘিরে দায়ের হওয়া মামলায় বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। তিনি এসব অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছেন এবং দেশে ফিরে আইনি প্রক্রিয়ার মুখোমুখি হওয়ার ইচ্ছার কথাও জানিয়েছেন।
সূত্র: সিএনএন-নিউজ১৮।