চীনে দ্রুতগতির ট্রেনের ধাক্কায় ১১ রেলকর্মীর মৃত্যু - The Future Press

শিরোনাম

Home Top Ad

Post Top Ad

Thursday, November 27, 2025

চীনে দ্রুতগতির ট্রেনের ধাক্কায় ১১ রেলকর্মীর মৃত্যু

 

চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে কাজ করার সময় দ্রুতগতির ট্রেনের ধাক্কায় ১১ জন রেলকর্মী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) কুনমিং শহরের লুয়াং টাউন স্টেশন এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে বলে স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন।

এটিকে সাম্প্রতিক কয়েক দশকের মধ্যে দেশটির অন্যতম বড় রেল দুর্ঘটনা হিসেবে দেখা হচ্ছে।

দুর্ঘটনার সময় রেললাইনে ভূমিকম্প শনাক্তকরণ যন্ত্রাংশ পরীক্ষা করছিলেন কর্মীরা। ওই সময় একটি বাঁকানো রেললাইন দিয়ে দ্রুতগতির একটি ট্রেন এসে হঠাৎ তাদের ওপর উঠে যায়। এতে ঘটনাস্থলেই ১১ জনের মৃত্যু হয়।

ঘটনার পর অল্প সময়ের মধ্যেই স্টেশন এলাকায় পরিস্থিতি স্বাভাবিক করা হয় এবং পুনরায় ট্রেন চলাচল শুরু হয়। তবে কী কারণে এ দুর্ঘটনা ঘটেছে, তা জানতে তদন্ত চলছে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।

চীনের রেলব্যবস্থা বিশ্বের সবচেয়ে বড় নেটওয়ার্কগুলোর একটি। দেশটিতে প্রায় ১ লাখ ৬০ হাজার কিলোমিটার দীর্ঘ রেলপথ রয়েছে এবং প্রতিবছর কোটি কোটি যাত্রী পরিবহন করা হয়। এ বিশাল নেটওয়ার্ক সাধারণত অত্যন্ত কার্যকর ও নিরাপদ হিসেবে পরিচিত হলেও মাঝেমধ্যে বড় ধরনের দুর্ঘটনাও ঘটে থাকে।

এর আগে ২০২১ সালে লানঝু-শিনজিয়াং রেলপথের গানসু স্টেশন এলাকায় ট্রেনের ধাক্কায় ১১ জন রেলকর্মী প্রাণ হারিয়েছিলেন। এছাড়া ২০১১ সালে চীনের পূর্বাঞ্চলীয় ঝেজিয়াং প্রদেশে ভয়াবহ এক ট্রেন দুর্ঘটনায় ৪০ জন নিহত এবং ২০০ জনের বেশি মানুষ আহত হয়েছিলেন।

সাম্প্রতিক এই দুর্ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে এবং নিহতদের পরিচয় যাচাই করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।

No comments:

Post Bottom Ad

Pages

Copyright © 2025 Futurepress24 -All Rights Reserved