ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে বিএনপি। এর মধ্যে সর্বোচ্চ ব্যবধানে জয় পেয়েছেন কিশোরগঞ্জ-৬ আসনের মো. শরীফুল আলম।
দ্বিতীয় সর্বোচ্চ ব্যবধানে জিতেছেন টাঙ্গাইল-২ আসনের বিএনপি নেতা আবদুস সালাম পিন্টু। এছাড়া, এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ কুমিল্লা-৪ আসনে বড় ব্যবধানে জয় পেয়েছেন।
কুলিয়ারচর ও ভৈরব উপজেলা নিয়ে গঠিত কিশোরগঞ্জ-৬ আসনে মোট ভোটার ৪ লক্ষ ২৮ হাজার ৮০৪ জন। এবারের নির্বাচনে এ আসনে মোট ভোট পড়েছে প্রায় ৫৮ শতাংশ। বিএনপি প্রার্থী মো. শরীফুল আলম আসনটিতে দেশের সর্বোচ্চ ১ লাখ ৪৩ হাজার ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন।
ধানের শীষ প্রতীকে শরীফুল আলম পেয়েছেন ১ লাখ ৮৭ হাজার ১৫৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী খেলাফত মজলিসের মাওলানা আতাউল্লাহ আমীন পেয়েছেন ৪৪ হাজার ৯৫ ভোট।
দেশের সর্বোচ্চ ব্যবধানে জয় প্রসঙ্গে মো. শরীফুল আলম বলেন, ‘দীর্ঘ ৩৪ বছরের আমার রাজনৈতিক জীবনে আমি যে মানুষের সাথে ছিলাম, আমি যে মানুষের পাশে থেকেছিলাম, মানুষকে আমি পাশে রাখতে পেরেছি, এটাই আমার বড় অর্জন। এ কারণে আমি আমার নির্বাচনী এলাকার মানুষের প্রতি আমি কৃতজ্ঞ। এটা আমার জন্য অনেক বড় পাওয়া। এ অর্জনটাকে আমার এখন বড় চিন্তা হলো ধরে রাখা।’
বিএনপি সহ-সভাপতি আবদুস সালাম পিন্টুও বিশাল ব্যবধানে জয় পেয়েছেন টাঙ্গাইল-২ আসনে। মোট ১৩৯টি কেন্দ্রের সবকটিতেই বিজয়ী হয়েছেন প্রায় ১৭ বছর কারাবন্দী থাকা এই বিএনপি নেতা। নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর মো. হুমায়ুন কবিরকে ১ লাখ ৩৭ হাজার ভোটের ব্যবধানে হারিয়েছেন তিনি।
ঋণখেলাপীর দায়ে কুমি্ল্লা-৪ আসনে বিএনপির মঞ্জুরুল আহসান মুন্সীর প্রার্থীতা বাতিল হলে অনেকটাই নির্ভার নির্বচন করেন এনসিপির হাসনাত আব্দুল্লাহ। পরে গণঅধিকার পরিষদের জসিম উদ্দিনকে সমর্থন দেয় বিএনপি। নির্বাচনের ফলাফলে দেখা যায়, প্রায় ১ লাখ ১৬ হাজার ভোটের ব্যবধানে জয় পেয়েছেন এনসিপি নেতা হাসনাত।
নির্বাচনে জয়ের প্রতিক্রিয়ায় হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘আমার শত্রুর সাথেও যাতে বেইনসাফি না হয়, ওই ধরণের সিস্টেম যেন বাংলাদেশে তৈরি হয়, সেটি নিশ্চিত করার প্রচেষ্টা আমাদের অব্যাহত থাকবে। এবং আমাদের ভেঙে পড়া বাংলাদেশের যে কাঠামো রয়েছে, আমাদের রাষ্ট্র কাঠামো, সেটাকে গড়ে তোলার প্রচেষ্টা অব্যাহত থাকবে।
কুমিল্লা-৪ আসনের ১১৬টি কেন্দ্রের সবগুলোতেই শাপলা কলি প্রতীকে জয় পান জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যেজোটের প্রার্থী হাসনাত আবদুল্লাহ।
No comments:
Post a Comment