The Future Press
সর্বশেষ
লোড হচ্ছে...

আসছে চরকি অ্যাওয়ার্ডস

Monday, June 15, 2026 The Future press
আসছে চরকি অ্যাওয়ার্ডস


 দেশের জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম চরকি দ্বিতীয়বারের মতো আয়োজন করতে যাচ্ছে চরকি অ্যাওয়ার্ডস। আগামী ৩ জুলাই অনুষ্ঠিত হবে ‘সেনসেশন চরকি কার্নিভাল পাওয়ার্ড বাই ইন্টারকন্টিনেন্টাল ঢাকা’, যেখানে ২০২৩ ও ২০২৪ সালের সেরা শিল্পী, নির্মাতা ও কনটেন্টকে পুরস্কৃত করার পাশাপাশি প্রয়াত অভিনেত্রী কারিনা কায়সার-কে বিশেষ সম্মাননা জানানো হবে।

বাংলা কনটেন্ট ইন্ডাস্ট্রিতে পাঁচ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে দেশের শিল্পী, কলাকুশলী ও নির্মাতাদের অবদানকে স্বীকৃতি দেওয়া হবে। চরকির তথ্য অনুযায়ী, প্ল্যাটফর্মটির প্রিমিয়াম কনটেন্ট ইতোমধ্যে ১০০ কোটিরও বেশি ঘণ্টা দেখা হয়েছে এবং নিবন্ধিত গ্রাহকের সংখ্যা ছাড়িয়েছে ৩ কোটি।

সমালোচকদের মূল্যায়ন ও সাবস্ক্রাইবারদের ভোটের ভিত্তিতে মোট ২৩টি বিভাগে পুরস্কার প্রদান করা হবে। ১৩ জুন থেকে শুরু হওয়া ভোটগ্রহণে দর্শকরা ২০২৪ সালের সাবস্ক্রাইবারস চয়েস বিভাগে নিজেদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবেন।

বেস্ট ফিল্ম বিভাগে মনোনয়ন পেয়েছে কাছের মানুষ দূরে থুইয়া, তুফান, লাস্ট ডিফেন্ডারস অব মনোগামী এবং ৩৬–২৪–৩৬।

বেস্ট অ্যাক্টর (মেল) – ফিল্ম বিভাগে মনোনীত হয়েছেন ইয়াশ রোহান, প্রীতম হাসান, শাকিব খান এবং সৈয়দ জামান শাওন। অন্যদিকে বেস্ট অ্যাক্টর (ফিমেল) – ফিল্ম বিভাগে রয়েছেন তাসনিয়া ফারিণ, মাসুমা রহমান নাবিলা এবং মেহজাবীন চৌধুরী।

বেস্ট সিরিজ বিভাগে মনোনয়ন পেয়েছে আধুনিক বাংলা হোটেল, কালপুরুষ, সিনপাট এবং ২ষ। অভিনয় বিভাগে মনোনীতদের তালিকায় রয়েছেন এফ এস নাঈম, তাহসান খান, মোশাররফ করিম, সিয়াম আহমেদ, কাজী নওশাবা আহমেদ, জয়া আহসান, রাফিয়াত রশিদ মিথিলা এবং সাফা কবির।

চরকির প্রধান নির্বাহী কর্মকর্তা রেদওয়ান রনি জানান, ‘৩৬–-২৪-–৩৬’ চলচ্চিত্রের জন্য কারিনা কায়সার বেস্ট অ্যাক্টর (ফিমেল) বিভাগে মনোনীত হলেও তার প্রয়াণের পর তাকে প্রতিযোগিতার বাইরে রেখে বিশেষ সম্মাননা প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

পুরস্কার বিতরণীর পাশাপাশি এবারের চরকি কার্নিভালে থাকবে অভিনয়ের মাস্টারক্লাস, প্যানেল আলোচনা এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির বিভিন্ন উদ্যোগ। আয়োজকরা আশা করছেন, আগামী বছর থেকে নিয়মিতভাবেই অনুষ্ঠিত হবে চরকি অ্যাওয়ার্ডস।