ইরাকের রাজধানী বাগদাদে অবস্থিত মার্কিন দূতাবাসে হামলার পর নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন নাগরিকদের এখনই ইরাক ত্যাগ করা উচিত বলে জানিয়েছে দেশটি। শনিবার (১৪ মার্চ) আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, বাগদাদে অবস্থিত মার্কিন দূতাবাস এক নিরাপত্তা সতর্কতামূলক বিবৃতিতে বলেছে, ‘মার্কিন নাগরিকদের এখনই ইরাক ছেড়ে যাওয়া উচিত। ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোর কারণে বড় ধরনের হুমকি তৈরি হওয়ায় যেসব মার্কিন নাগরিক ইরাকে অবস্থান করার সিদ্ধান্ত নিচ্ছেন, তাদের উচিত বিষয়টি পুনর্বিবেচনা করা।’
এর আগে বাগদাদে মার্কিন দূতাবাসে হামলার বিষয়ে নতুন তথ্য জানায় মার্কিন সংবাদমাধ্যম সিএনএন। একজন মার্কিন নিরাপত্তা কর্মকর্তা সংবাদমাধ্যমটিকে জানায়, শনিবার দূতাবাস চত্বরে দুটি ড্রোন আঘাত হানে।
আল জাজিরা বলছে, শুরুতে ধারণা করা হয়েছিল, সেখানে একটি ক্ষেপণাস্ত্র আঘাত করে। তবে হামলায় কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে বা কোনো হতাহতের ঘটনা ঘটেছে কি না- এ বিষয়ে এখনও স্পষ্ট করে কোনো তথ্য পাওয়া যায়নি।
No comments:
Post a Comment