The National Press
সর্বশেষ
লোড হচ্ছে...

নেপালে তুষারের নিচে একাধিক মরদেহের সন্ধান, নিখোঁজ পর্বতারোহীদের বলে ধারণা

Saturday, August 08, 2026 The National Press
নেপালে তুষারের নিচে একাধিক মরদেহের সন্ধান, নিখোঁজ পর্বতারোহীদের বলে ধারণা

 
নেপালের ইয়ালুং রি পর্বতে তুষারের নিচে চাপা পড়া একাধিক মরদেহের সন্ধান পাওয়া গেছে। স্থানীয় কর্তৃপক্ষের ধারণা, মরদেহগুলো গত বছর তুষারধসে নিখোঁজ হওয়া পাঁচ পর্বতারোহীর হতে পারে। তবে এখনো তাঁদের পরিচয় আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা যায়নি।

স্থানীয় কর্মকর্তা থাবিন্দ্র কুমার কাফলে জানান, একটি ট্রেকিং এজেন্সির কর্মীরা প্রথম মরদেহগুলো দেখতে পান। তবে প্রতিকূল আবহাওয়ার কারণে উদ্ধারকারী দল তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছাতে পারেনি।

নেপালের দোলাখা জেলায় তিব্বত সীমান্তের কাছে অবস্থিত ইয়ালুং রি পর্বতের উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৫ হাজার ৬৩০ মিটার। দুর্গম এই এলাকায় তুষার ও বরফে ঢাকা কঠিন পথ পাড়ি দিয়ে পর্বতারোহীদের চলাচল করতে হয়।

ড্রিমার্স ডেস্টিনেশন নামের একটি ট্রেকিং সংস্থার কর্মকর্তা ফুর্বা তেনজিং শেরপা জানান, হালকা বরফ গলে যাওয়ার কারণে তুষারের নিচে থাকা মরদেহগুলো দৃশ্যমান হয়ে থাকতে পারে। আবহাওয়া পরিষ্কার হলে হেলিকপ্টারের মাধ্যমে উদ্ধার অভিযান চালানো হবে।

গত বছরের নভেম্বরে ওই এলাকায় তিনজন বিদেশি ও দুজন নেপালি পর্বতারোহী নিখোঁজ হন। বিদেশি পর্বতারোহীদের মধ্যে ইতালি, কানাডা ও জার্মানির নাগরিক ছিলেন।

ওই অভিযানের সময় আরও দুজন পর্বতারোহী বেস ক্যাম্পে মারা যান। বর্তমানে সন্ধান পাওয়া মরদেহগুলো নিখোঁজ পাঁচ পর্বতারোহীর কি না, তা উদ্ধার শেষে পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে নিশ্চিত করা হবে।