The National Press
সর্বশেষ
লোড হচ্ছে...

চাঁদপুরে ইজিবাইকে বাসের ধাক্কা, নিহত ১; আহত ৪

Saturday, September 12, 2026 The National Press
চাঁদপুরে ইজিবাইকে বাসের ধাক্কা, নিহত ১; আহত ৪

চাঁদপুরের মতলব দক্ষিণে ইজিবাইককে বাস চাপা দেওয়ার ঘটনায় সাদিয়া আক্তার (২৬) নামে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় ইজিবাইকচালকসহ আরও চারজন গুরুতর আহত হয়েছেন। দুর্ঘটনার পর বাসচালককে আটক করেছে পুলিশ।

শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ৬টার দিকে মতলব-গৌরীপুর পেন্নাই সড়কের নাগদা বড়বাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সাদিয়া উপজেলার খাদেরগাঁও ইউনিয়নের ঘিলাতলী গ্রামের বাসিন্দা। তাঁর স্বামী সৌদি আরবে কর্মরত এবং তাদের চার বছর বয়সী একটি কন্যাসন্তান রয়েছে।

নিহতের স্বজন ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, শুক্রবার রাতে তাদের এক আত্মীয় রাজিয়া (৫০) অসুস্থতাজনিত কারণে মারা যান। শনিবার সকালে তাঁর জানাজা ও দাফনে অংশ নিতে সাদিয়াসহ স্বজনরা ইজিবাইকে করে যাচ্ছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা জৈনপুর পরিবহনের একটি বাস ইজিবাইকটিকে চাপা দিলে ঘটনাস্থলেই সাদিয়া গুরুতর আহত হন।

দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে মতলব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

আহতরা হলেন ইজিবাইকচালক রোমান হোসেন (৪৫), খোরশেদা বেগম (৫৮), জিলানী (২৮) ও পারভীন (৪০)। তাঁদের মধ্যে খোরশেদা, জিলানী ও পারভীন নিহত সাদিয়ার স্বজন বলে জানা গেছে।

দুর্ঘটনার পর ক্ষুব্ধ স্থানীয়রা বাসচালক কাউসারকে আটক করে একটি ঘরে রাখেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে হেফাজতে নেয়। একই সঙ্গে দুর্ঘটনায় ব্যবহৃত বাসটিও জব্দ করেছে পুলিশ।

মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান মানিক জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। বাসচালককে আটক ও বাসটি জব্দ করা হয়েছে। ঘটনার তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে দুর্ঘটনার পর মতলব-গৌরীপুর পেন্নাই সড়কে বাস চলাচল বন্ধ রয়েছে বলে জানা গেছে।

তথ্যসূত্র: ইত্তেফাক