ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুই-তৃতীয়াংশ আসনে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি। নতুন সরকারের শপথের দিনক্ষণ এখনো চূড়ান্ত না হলেও অন্তর্বর্তী সরকার জানিয়েছে, রোজা শুরুর আগেই শপথ নেবে নতুন মন্ত্রিসভা।
এই শপথ অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফসহ সার্কভুক্ত দেশগুলোর সরকারপ্রধানদের আমন্ত্রণ জানানো হতে পারে বলে এক প্রতিবেদনে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
বিএনপির শীর্ষ পর্যায়ের একজন নেতাকে উদ্ধৃত করে বিবিসি জানিয়েছে, শপথ অনুষ্ঠানের আয়োজন করবে অন্তর্বর্তী সরকার। তবে আমন্ত্রিত অতিথিদের বিষয়ে বিএনপির পক্ষ থেকে কিছু ইঙ্গিত দেওয়া হয়েছে। যদিও অতিথি তালিকা ও শপথের সঠিক সময় এখনো চূড়ান্ত করা হয়নি।
শনিবার মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশিদ গণমাধ্যমকে জানিয়েছেন, রোজার আগেই নির্বাচিত সরকারের নতুন মন্ত্রিসভা গঠিত হচ্ছে। মন্ত্রিসভার সদস্যদের শপথ পড়াবেন রাষ্ট্রপতি। শপথ আয়োজনের সব প্রস্তুতি সম্পন্ন রাখছে মন্ত্রিপরিষদ বিভাগ।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘আশা করছি ১৮ ফেব্রুয়ারির মধ্যে মন্ত্রিসভার সদস্যদের শপথ অনুষ্ঠিত হবে। সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথবাক্য পাঠ করাবেন। বঙ্গভবনের এই অনুষ্ঠানে আনুমানিক এক হাজার অতিথিকে আমন্ত্রণ জানানো হতে পারে।’
একই দিন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এক সংবাদ সম্মেলনে বলেন, ‘শপথ অনুষ্ঠান খুব বেশি বিলম্বিত হবে না। ১৬ কিংবা ১৭ ফেব্রুয়ারি এটি অনুষ্ঠিত হতে পারে। গতকাল থেকেই শপথের বিষয়ে দাপ্তরিক কাজ শুরু হয়েছে।’
No comments:
Post a Comment