The Future Press
সর্বশেষ
লোড হচ্ছে...

আইন অনুযায়ী সব সুযোগ-সুবিধা পাবেন সাবেক রাষ্ট্রপতি চুপ্পু: স্বরাষ্ট্রমন্ত্রী

Sunday, July 26, 2026 The Future press
আইন অনুযায়ী সব সুযোগ-সুবিধা পাবেন সাবেক রাষ্ট্রপতি চুপ্পু: স্বরাষ্ট্রমন্ত্রী


 সদ্য সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন (চুপ্পু) আইন অনুযায়ী একজন সাবেক রাষ্ট্রপতির জন্য নির্ধারিত সব ধরনের সুযোগ-সুবিধা ভোগ করবেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

রোববার (২৬ জুলাই) সচিবালয়ে পুলিশের সাহসিকতা ও প্রশংসনীয় কাজের স্বীকৃতিস্বরূপ পুরস্কার ও সম্মাননা প্রদান-সংক্রান্ত অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

সাবেক রাষ্ট্রপতিকে গ্রেপ্তারের দাবি নিয়ে এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, স্বৈরাচার সরকারের শেষ পর্যায়, অন্তর্বর্তী সরকারের পুরো সময় এবং বর্তমান সরকারের প্রায় ছয় মাস তিনি রাষ্ট্রপতির সাংবিধানিক দায়িত্ব পালন করেছেন। দায়িত্বে থাকাকালে সংবিধান অনুযায়ী তিনি সাংবিধানিক সুরক্ষা (প্রিভিলেজ) ভোগ করেছেন। ফলে দায়িত্ব পালনের সময়ের কার্যক্রমকে কেন্দ্র করে তার বিরুদ্ধে কোনো ফৌজদারি মামলা বা আইনি ব্যবস্থা নেওয়ার সুযোগ ছিল না।

তিনি আরও বলেন, দায়িত্ব পালনের সময়ের বাইরে কোনো ব্যক্তি যদি ব্যক্তিগতভাবে কোনো বক্তব্য দিয়ে থাকেন, সেটি মতপ্রকাশের স্বাধীনতার আওতায় পড়ে। তবে এ ধরনের কোনো বিষয়ে সরকার এখন পর্যন্ত আমলে নেওয়ার মতো কিছু খুঁজে পায়নি।

এনসিপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের অভিযোগ প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ বলেন, গণতান্ত্রিক পরিবেশে যে কেউ সমালোচনা বা অভিযোগ উত্থাপন করতে পারেন। তবে এ পর্যন্ত যেসব অভিযোগ সামনে এসেছে, সেগুলোর মধ্যে সরকারের বিবেচনায় আইনগত ব্যবস্থা নেওয়ার মতো কোনো বিষয় পাওয়া যায়নি।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, সাবেক রাষ্ট্রপতি হিসেবে মো. সাহাবুদ্দিন আইন অনুযায়ী প্রাপ্য সব সুযোগ-সুবিধা ভোগ করবেন। তার নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ নিরাপত্তা বাহিনী (এসএসএফ) ও প্রেসিডেন্টস গার্ড রেজিমেন্ট (পিজিআর)-এর মাধ্যমে ছয় মাস নিরাপত্তা দেওয়ার বিধান রয়েছে। পাশাপাশি পুলিশ ও সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থাও প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত করবে।

তিনি বলেন, প্রচলিত আইন অনুযায়ী একজন সাবেক রাষ্ট্রপতি যে সব সুযোগ-সুবিধা পাওয়ার অধিকারী, মো. সাহাবুদ্দিনও সেগুলোই পাবেন।