The National Press
সর্বশেষ
লোড হচ্ছে...

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

Monday, August 10, 2026 The National Press
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।

সোমবার সকালে বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতের হাইকমিশনারের এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। দুপুর সোয়া ১২টার দিকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে সাক্ষাতের বিষয়টি জানানো হয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, সম্প্রতি বাংলাদেশ-ভারত সম্পর্ক নিয়ে তৈরি হওয়া উত্তেজনার মধ্যে দুই দেশের সম্পর্ককে আলোচনার মাধ্যমে ইতিবাচক পথে এগিয়ে নেওয়ার উদ্যোগের অংশ হিসেবে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।

গত বুধবার নয়াদিল্লিতে বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়ের পর দুই দেশের সম্পর্ক নিয়ে নতুন করে আলোচনা ও উত্তেজনা তৈরি হয়। এর কয়েক দিনের মধ্যেই প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের এ সাক্ষাৎ হলো।

গত জুনে ঢাকায় ভারতের হাইকমিশনার হিসেবে দায়িত্ব নেওয়ার পর দীনেশ ত্রিবেদীর সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের এটিই প্রথম সাক্ষাৎ।

এর আগে সাক্ষাতের প্রস্তুতি হিসেবে রোববার বিকেলে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করেন ভারতের হাইকমিশনার।

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের বিষয়ে রোববার ঢাকায় এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে দীনেশ ত্রিবেদী বলেন, বাংলাদেশকে এবং বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ভারত সম্মান করে। তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানকে জনবান্ধব ব্যক্তি হিসেবেও উল্লেখ করেন।

দুই দেশের বিভিন্ন সমস্যা আলোচনার মাধ্যমে সমাধানের ওপর গুরুত্ব দিয়ে ভারতীয় হাইকমিশনার বলেন, দুই দেশের নেতাদের মধ্যে বৈঠক হলে অনেক সমস্যার সমাধানের সুযোগ তৈরি হবে। আলোচনার মাধ্যমেই সমাধানের পথ বের করা সম্ভব বলেও তিনি মন্তব্য করেন।

বাংলাদেশ-ভারত সম্পর্কের সাম্প্রতিক টানাপোড়েনের মধ্যে প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের এই সাক্ষাৎকে দুই দেশের কূটনৈতিক যোগাযোগ অব্যাহত রাখার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।