The National Press
সর্বশেষ
লোড হচ্ছে...

দেশের বিভিন্ন স্থানে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ১৪

Thursday, August 13, 2026 The National Press
দেশের বিভিন্ন স্থানে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ১৪

নিজস্ব প্রতিবেদক: দেশের আট জেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় অন্তত ১৪ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৩ আগস্ট) এসব দুর্ঘটনা ঘটে। এতে আরও বেশ কয়েকজন আহত হয়েছেন। সবচেয়ে বেশি প্রাণহানি হয়েছে কক্সবাজার ও নেত্রকোনায়—দুই জেলায় চারজন করে মারা গেছেন। এছাড়া যশোর, ফেনী, নারায়ণগঞ্জ, মুন্সীগঞ্জ, নওগাঁ ও গোপালগঞ্জে একজন করে নিহত হয়েছেন।

কক্সবাজারে বাস-জিটু গাড়ির সংঘর্ষে নিহত ৪

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের নয়াপাড়া এলাকায় বাস ও স্থানীয় জিটু গাড়ির মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে এ দুর্ঘটনায় আরও পাঁচজন আহত হন।

নিহতরা হলেন—চকরিয়ার জসিম উদ্দিন (২৫), শাহেদ (২৭), ঈদগাঁওয়ের রফিক (২৯) ও জিয়াবুল হক (২৫)। তারা সবাই জিটু গাড়ির যাত্রী ছিলেন।

পুলিশ জানায়, কক্সবাজারমুখী একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা যাত্রীবোঝাই জিটু গাড়িটির সংঘর্ষ হয়। এতে গাড়িটির নয় যাত্রী গুরুতর আহত হন। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় চারজন মারা যান। দুর্ঘটনার পর বাসের চালক ও সহকারী ঘটনাস্থল থেকে পালিয়ে যান। পুলিশ উভয় যান জব্দ করে আইনগত ব্যবস্থা নিচ্ছে।

নেত্রকোনায় পিকআপ-ট্রাক সংঘর্ষে ৪ জনের মৃত্যু

নেত্রকোনা-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের নারান্দিয়া এলাকায় পিকআপ ও সারবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিন পুরুষ ও এক নারী নিহত হয়েছেন। বৃহস্পতিবার বিকেলে এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে শনাক্ত করা যায়নি। দুর্ঘটনার পর পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে এবং ট্রাক ও পিকআপ জব্দ করেছে।

যশোরে মাদরাসাশিক্ষক নিহত

বেনাপোল বাইপাস সড়কের ভবেরবেড় এলাকায় লোহার ভ্যান ও মোটরসাইকেলের সংঘর্ষে ইব্রাহিম হোসেন (৫০) নামে এক মাদরাসাশিক্ষক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুজন আহত হন।

ইব্রাহিম হোসেন শার্শা উপজেলার গোগা ইউনিয়নের গোপালপুর গ্রামের বাসিন্দা এবং ইছাপুর দাখিল মাদরাসায় শিক্ষকতা করতেন।

ফেনীতে কাভার্ডভ্যানের ধাক্কায় নিহত ১

ফেনীর ছাগলনাইয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কাভার্ডভ্যানের ধাক্কায় জুয়েল দাস (৩০) নিহত হয়েছেন। তিনি মুহুরীগঞ্জে একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন। দুর্ঘটনায় একটি মাইক্রোবাসের চালকও গুরুতর আহত হয়েছেন।

নারায়ণগঞ্জে ট্রাকচাপায় বৃদ্ধের মৃত্যু

সিদ্ধিরগঞ্জের জালকুড়ি কড়ইতলা এলাকায় সড়ক পার হওয়ার সময় অজ্ঞাত একটি ট্রাকের চাপায় রাজু মিয়া (৬৫) নিহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে স্থানীয় হাসপাতালে এবং পরে ঢাকায় নেওয়া হলেও চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মুন্সীগঞ্জে ট্রেইলারের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

গজারিয়ার বাউশিয়া এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মালবাহী ট্রেইলারের ধাক্কায় আশরাফুল (৪০) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। তিনি কুষ্টিয়ার মিরপুরের বাসিন্দা ও পোলট্রি ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন।

নওগাঁ ও গোপালগঞ্জেও প্রাণহানি

নওগাঁর পত্নীতলায় বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী শ্যামল তিগ্গা (৪০) নিহত হয়েছেন। একই দিনে গোপালগঞ্জের মুকসুদপুরে ট্রাকের ধাক্কায় রেজাউল আলম (৪৫) নামে আরেক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়।

দিনাজপুরে চেম্বার সভাপতি ও স্ত্রীসহ আহত ৪

এদিকে দিনাজপুর-ঢাকা মহাসড়কের ফুলবাড়ী এলাকায় মাছবাহী একটি পিকআপের ধাক্কায় দিনাজপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মো. আবু বকর ছিদ্দীক, তার স্ত্রীসহ চারজন আহত হয়েছেন।

দুর্ঘটনায় প্রাইভেটকারটি দুমড়ে-মুচড়ে যায়। আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের মধ্যে একজনের অবস্থার অবনতি হওয়ায় ঢাকায় পাঠানো হয়েছে।

দেশের বিভিন্ন স্থানে একই দিনে একাধিক দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় সড়ক নিরাপত্তা নিয়ে আবারও উদ্বেগ তৈরি হয়েছে।