সৌদি-পাকিস্তান-তুরস্কের প্রতিরক্ষা জোটে যোগ দেওয়ার বিষয়ে ইতিবাচক ঢাকা
নিজস্ব প্রতিবেদক: সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের মধ্যে স্বাক্ষরিত মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তিতে বাংলাদেশের যুক্ত হওয়ার সম্ভাবনাকে ইতিবাচকভাবে দেখছে ঢাকা। তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে দেশের জাতীয় স্বার্থ, আঞ্চলিক বাস্তবতা ও পরিবর্তিত বৈশ্বিক পরিস্থিতি বিবেচনা করা হবে।
শনিবার (২২ আগস্ট) রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসসকে দেওয়া এক সাক্ষাৎকারে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির এ কথা জানান।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বিশ্ব অর্থনীতি ও আন্তর্জাতিক বাণিজ্যব্যবস্থায় দ্রুত পরিবর্তন আসছে। এই পরিবর্তিত পরিস্থিতিতে বিভিন্ন দেশের সঙ্গে সহযোগিতার নতুন সুযোগ তৈরি হচ্ছে। ফলে সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের উদ্যোগের সম্ভাব্য সুবিধা-অসুবিধা বাংলাদেশ যাচাই করে দেখবে।
তিনি জানান, বর্তমান সরকারের পররাষ্ট্রনীতিতে দেশের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতির আওতায় আন্তর্জাতিক কোনো জোট, প্রতিরক্ষা কাঠামো কিংবা সহযোগিতামূলক উদ্যোগে অংশ নেওয়ার ক্ষেত্রে জাতীয় স্বার্থই হবে সিদ্ধান্তের প্রধান ভিত্তি।
হুমায়ুন কবির বলেন, বাংলাদেশের পররাষ্ট্রনীতি ভারসাম্যপূর্ণ। তাই কোনো একটি পক্ষের সঙ্গে সম্পর্ককে অগ্রাধিকার দিতে গিয়ে অন্য কোনো দেশের সঙ্গে বিদ্যমান সম্পর্ক ক্ষতিগ্রস্ত হবে—এমন সিদ্ধান্ত ঢাকা নিতে চায় না। একই সঙ্গে আঞ্চলিক ও বৈশ্বিক বাস্তবতাও গুরুত্ব দিয়ে বিবেচনা করা হবে।
পাকিস্তানের সঙ্গে সম্পর্কেও অগ্রগতি
বাংলাদেশ ও পাকিস্তানের দ্বিপক্ষীয় সম্পর্ক সাম্প্রতিক সময়ে ধীরে ধীরে আরও সক্রিয় হচ্ছে বলেও জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী। দুই দেশের মধ্যে কূটনৈতিক যোগাযোগ স্বাভাবিক করার পাশাপাশি বাণিজ্যিক সম্পর্ক সম্প্রসারণ এবং জনগণের মধ্যে যোগাযোগ বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
তিনি বলেন, পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সহযোগিতার সুযোগ রয়েছে। এসব সম্ভাবনাকে কাজে লাগাতে দুই দেশই আগ্রহী।
সৌদি আরব সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
এদিকে প্রধানমন্ত্রী তারেক রহমান শিগগিরই সৌদি আরব সফর করবেন বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। সফরটি দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও এগিয়ে নেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হতে পারে বলে মনে করা হচ্ছে।
সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের অর্থনৈতিক, শ্রম ও কূটনৈতিক সম্পর্ক দীর্ঘদিনের। নতুন করে প্রতিরক্ষা ও কৌশলগত সহযোগিতার সম্ভাবনা তৈরি হলে দুই দেশের সম্পর্কের পরিধি আরও বিস্তৃত হতে পারে।
তবে সৌদি-পাকিস্তান-তুরস্কের প্রতিরক্ষা কাঠামোয় বাংলাদেশ শেষ পর্যন্ত যুক্ত হবে কি না, সে বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। জাতীয় স্বার্থ ও সামগ্রিক আন্তর্জাতিক পরিস্থিতি পর্যালোচনার পরই এ বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
সূত্র: ইত্তেফাক