The Future Press
ব্রেকিং নিউজ
লোড হচ্ছে...

মিয়ানমার ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নিতে সম্মত: মালয়েশিয়ার প্রধানমন্ত্রী

Thursday, July 30, 2026 The Future press
মিয়ানমার ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নিতে সম্মত: মালয়েশিয়ার প্রধানমন্ত্রী


 বাংলাদেশে আশ্রয় নেওয়া প্রায় ৩ লাখ রোহিঙ্গা এবং মালয়েশিয়ায় অবস্থানরত ৫ হাজার রোহিঙ্গাকে ফিরিয়ে নিতে নীতিগতভাবে সম্মতি দিয়েছে মিয়ানমার। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম এ তথ্য জানিয়েছেন।

বুধবার মালয়েশিয়ার চেন্নাহ এলাকায় স্থানীয় ভোটারদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি বলেন, দীর্ঘদিনের কূটনৈতিক প্রচেষ্টার ফল হিসেবে মিয়ানমারের সঙ্গে এ বিষয়ে ইতিবাচক অগ্রগতি হয়েছে। মালয়েশিয়ার সংবাদমাধ্যম দ্য স্টার এ তথ্য প্রকাশ করেছে।

আনোয়ার ইব্রাহিম বলেন, মিয়ানমারের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ধারাবাহিক আলোচনার মাধ্যমে তারা এখন মালয়েশিয়া থেকে ৫ হাজার এবং বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফিরিয়ে নিতে সম্মত হয়েছে। এ ধরনের সংবেদনশীল বিষয় ধৈর্য ও কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমেই এগিয়ে নেওয়া সম্ভব।

তিনি আরও বলেন, অতীতেও রোহিঙ্গাদের নিজ দেশে ফেরত পাঠানোর দাবি উঠেছিল। তবে মিয়ানমার তাদের গ্রহণে সম্মত না হওয়ায় প্রত্যাবাসন বাস্তবায়ন সম্ভব হয়নি।

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী জানান, এ কারণেই দেশটিতে অবস্থানরত রোহিঙ্গাদের নির্ধারিত স্থানে রাখা হয়েছে। পাশাপাশি তিনি রোহিঙ্গাদের মালয়েশিয়ার আইন মেনে চলা এবং জনসাধারণের দুর্ভোগ সৃষ্টি না করার আহ্বান জানান।

আনোয়ার ইব্রাহিম আরও বলেন, তিনি ইতোমধ্যে দেশটির পুলিশ মহাপরিদর্শককে (আইজিপি) নির্দেশ দিয়েছেন, কোনো রোহিঙ্গা শরণার্থী যদি জনসমাগমস্থল বা সড়কে বিশৃঙ্খলা সৃষ্টি করে, তাহলে প্রচলিত আইন অনুযায়ী দ্রুত ব্যবস্থা নিতে।

তবে বাংলাদেশে অবস্থানরত ৩ লাখ রোহিঙ্গাকে কী সময়সীমার মধ্যে এবং কী প্রক্রিয়ায় ফেরত নেওয়া হবে, সে বিষয়ে এখনো বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করা হয়নি। এ বিষয়ে মিয়ানমার সরকারের পক্ষ থেকেও আনুষ্ঠানিকভাবে বিস্তারিত বিবৃতি দেওয়া হয়নি।

তথ্যসূত্র: দ্য স্টার।