The Future Press
ব্রেকিং নিউজ
লোড হচ্ছে...

ভারতে পাচারের আগে স্বরাষ্ট্রমন্ত্রীকেও টিএফআই সেলে রাখা হয়েছিল: চিফ প্রসিকিউটর

Saturday, August 01, 2026 The Future press
ভারতে পাচারের আগে স্বরাষ্ট্রমন্ত্রীকেও টিএফআই সেলে রাখা হয়েছিল: চিফ প্রসিকিউটর

 

বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে ভারতে পাঠানোর আগে র‍্যাবের টাস্কফোর্স ফর ইন্টারোগেশন (টিএফআই) সেলে আটকে রাখা হয়েছিল বলে তদন্তে তথ্য পাওয়া গেছে বলে দাবি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম।

শনিবার রাজধানীর উত্তরায় র‍্যাব-১ কার্যালয়ে অবস্থিত টিএফআই সেল পরিদর্শনের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ দাবি করেন।

চিফ প্রসিকিউটর জানান, বিচারপতিদের ঘটনাস্থল পরিদর্শনের উদ্দেশ্য ছিল কথিত নির্যাতনকক্ষের বাস্তব অবস্থা সরাসরি পর্যবেক্ষণ করা। তিনি বলেন, এই পরিদর্শনের পর্যবেক্ষণ ও তথ্য মামলার বিচারিক কার্যক্রমে গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে আদালতে উপস্থাপন করা হবে।

তিনি আরও বলেন, কথিত ‘আয়নাঘর’ বা টিএফআই সেল-সংক্রান্ত কোনো আলামত নষ্ট কিংবা গোপন করার সঙ্গে যারা জড়িত, তদন্তে তাদের সংশ্লিষ্টতা প্রমাণিত হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

অন্যদিকে, মামলার আসামিদের আইনজীবীরা অভিযোগ প্রত্যাখ্যান করে বলেন, ‘টিএফআই সেল’ নামে কোনো গোপন বন্দিশালা নেই এবং এ ধরনের কর্মকাণ্ডের সঙ্গে র‍্যাবের সংশ্লিষ্টতার অভিযোগ ভিত্তিহীন।

এর আগে সকাল সাড়ে ১০টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর তিন বিচারপতি, প্রসিকিউশন টিম এবং আসামিপক্ষের আইনজীবীরা উত্তরার র‍্যাব-১ কার্যালয়ে পৌঁছান। পরে তারা টিএফআই সেল হিসেবে চিহ্নিত স্থানটি পরিদর্শন করেন।

কথিত গুম ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা এই মামলায় মোট ১৭ জনকে আসামি করা হয়েছে। তাদের মধ্যে র‍্যাবে দায়িত্ব পালনকারী ১০ জন সাবেক সেনা কর্মকর্তা বর্তমানে গ্রেপ্তার রয়েছেন।

মামলার পলাতক আসামিদের মধ্যে রয়েছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার সাবেক উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিক, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, র‍্যাবের সাবেক মহাপরিচালক বেনজীর আহমেদ, এম খুরশীদ হোসেন, হারুন অর রশিদ এবং অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল মুহাম্মাদ খায়রুল ইসলাম।

উল্লেখ্য, গত ২১ জুলাই চিফ প্রসিকিউটরের আবেদনের পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ টিএফআই সেল পরিদর্শনের অনুমতি দেয়। সেই আদেশের ভিত্তিতেই শনিবার বিচারপতিরা ঘটনাস্থল পরিদর্শন করেন।

সূত্র: বিডি প্রতিদিন