ভারতীয় গোয়েন্দা সংস্থা ‘র’ প্রধান এখন ঢাকায়
বাংলাদেশ ও ভারতের দ্বিপক্ষীয় সম্পর্ক স্বাভাবিক করার প্রচেষ্টার মধ্যেই সরকারি সফরে ঢাকায় এসেছেন ভারতের বহিঃগোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং—‘র’-এর প্রধান পরাগ জৈন।
সরকারের একটি সূত্রের বরাতে একটি গণমাধ্যম জানিয়েছে, বাংলাদেশি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আমন্ত্রণে চার সদস্যের উচ্চপর্যায়ের প্রতিনিধি দল নিয়ে ঢাকায় এসেছেন পরাগ জৈন। তবে ভারতীয় প্রতিনিধি দলের এই সফর নিয়ে বাংলাদেশ বা ভারত—কোনো পক্ষই এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য প্রকাশ করেনি।
পরাগ জৈন ভারতের বহিঃগোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইংয়ের (RAW) সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি স্পেশাল প্রোটেকশন গ্রুপের (SPG) স্পেশাল সেক্রেটারির দায়িত্বেও রয়েছেন।
ঢাকা সফরে পরাগ জৈনের সঙ্গে রয়েছেন অশ্বীন মুকুন্দ কোটনিস, রাহুল নেগি ও শৈবাল রায় চৌধুরী। রোববার দুপুরে এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটে তারা ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।
সরকারি সূত্র জানিয়েছে, সফরকালে ভারতীয় প্রতিনিধি দলের সদস্যরা ঢাকার একটি হোটেলে অবস্থান করবেন।
সাম্প্রতিক সময়ে বাংলাদেশ-ভারত সম্পর্কের টানাপোড়েন কাটিয়ে দুই দেশের মধ্যে যোগাযোগ ও সহযোগিতা বাড়ানোর নানা উদ্যোগ নেওয়া হচ্ছে। এর মধ্যেই ‘র’ প্রধানের ঢাকায় সফরকে বিশেষ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।
সফরের আগে পরাগ জৈন চীন সফর করেছেন বলেও সরকারি সূত্র জানিয়েছে। তবে ঢাকায় তার সফরের নির্দিষ্ট কর্মসূচি, বৈঠকের বিষয়বস্তু কিংবা কোন কোন বাংলাদেশি কর্মকর্তার সঙ্গে তিনি বৈঠক করবেন—এ বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি