কলম্বিয়ায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৬৫, আহত সাড়ে ৩ হাজার
দক্ষিণ আমেরিকার দেশ কলম্বিয়ায় শক্তিশালী ৭.৪ মাত্রার ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৬৫ জনে পৌঁছেছে। একই সঙ্গে আহত হয়েছেন অন্তত সাড়ে ৩ হাজার মানুষ। উদ্ধার অভিযান এখন চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরার বরাতে এ তথ্য জানানো হয়। ভূমিকম্পের ৭২ ঘণ্টা পার হওয়ার মুখেও ধ্বংসস্তূপের নিচে এখনো প্রায় ৫০০ মানুষ নিখোঁজ রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।সরকারি হিসাবে, এ দুর্যোগে ৯ হাজার ৫৫০টিরও বেশি ঘরবাড়ি সম্পূর্ণ বা আংশিকভাবে ধ্বংস হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কফি উৎপাদনের জন্য পরিচিত পেরেইরা অঞ্চল, যেখানে অন্তত ৮৩ জনের মৃত্যু হয়েছে। এছাড়া দেশটির তৃতীয় বৃহত্তম শহর কালিতে প্রাণ হারিয়েছেন অন্তত ৭৪ জন।কালির মেয়র আলেহান্দ্রো এডার বলেন, পরিস্থিতি এখনো অত্যন্ত জটিল। তবে জীবিতদের খুঁজে বের করতে উদ্ধারকারী দলগুলো নিরবচ্ছিন্নভাবে কাজ চালিয়ে যাচ্ছে।
এদিকে দায়িত্ব নেওয়ার মাত্র তিন দিনের মাথায় দুর্যোগের মুখে পড়েছেন নতুন প্রেসিডেন্ট আবেলফ্রেডো দে লা এস্প্রিয়েল্লা। তিনি ক্ষতিগ্রস্ত হাসপাতাল, স্কুল ও অন্যান্য অবকাঠামো পুনর্নির্মাণে জরুরি তহবিল গঠনের ঘোষণা দিয়েছেন। পাশাপাশি দেশজুড়ে অর্থনৈতিক জরুরি অবস্থা জারি করা হয়েছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, আবহাওয়া ও দুর্গম এলাকায় পৌঁছানোর চ্যালেঞ্জ সত্ত্বেও উদ্ধার ও ত্রাণ কার্যক্রম অব্যাহত রয়েছে। নিখোঁজদের সন্ধানে সেনাবাহিনী, ফায়ার সার্ভিস ও স্বেচ্ছাসেবী দল একযোগে কাজ করছে।
তথ্যসূত্র: আল - জাজিরা।