The National Press
সর্বশেষ
লোড হচ্ছে...

মালয়েশিয়ায় কর্মী পাঠাতে বাংলাদেশের ২৫ রিক্রুটিং এজেন্সি নির্ধারণ

Saturday, August 22, 2026 The National Press
মালয়েশিয়ায় কর্মী পাঠাতে বাংলাদেশের ২৫ রিক্রুটিং এজেন্সি নির্ধারণ

বাংলাদেশ থেকে কর্মী নিয়োগের জন্য ২৫টি রিক্রুটিং এজেন্সিকে নির্ধারণ করেছে মালয়েশিয়া। দেশটির ফরেন ওয়ার্কার্স সেন্ট্রালাইজড ম্যানেজমেন্ট সিস্টেমের (FWCMS) ওয়েবসাইটে এসব প্রতিষ্ঠানের তালিকা প্রকাশ করা হয়েছে।

তবে নতুন তালিকা প্রকাশ হলেও বাংলাদেশি কর্মীদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার পুরোপুরি চালু হয়েছে কি না, সে বিষয়ে এখনো স্পষ্ট ঘোষণা পাওয়া যায়নি। একই সঙ্গে নতুন ব্যবস্থায় নির্ধারিত এজেন্সিগুলো কীভাবে কর্মী নিয়োগ করবে, সে সম্পর্কেও বিস্তারিত নির্দেশনা প্রকাশ করা হয়নি।

এর আগে অতিরিক্ত অভিবাসন ব্যয়, কর্মসংস্থানের অনিশ্চয়তা এবং কর্মীদের ওপর নানা ধরনের হয়রানির অভিযোগের পর ২০২৪ সালের জুনে বাংলাদেশ থেকে কর্মী নেওয়া বন্ধ করে দেয় মালয়েশিয়া।

শ্রমবাজার পুনরায় চালুর বিষয়ে চলতি বছরের জুনে মালয়েশিয়া সফর করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে শ্রম অভিবাসন নিয়ে আলোচনা হয়। বৈঠকে বিদ্যমান সমঝোতা স্মারক পর্যালোচনা এবং সংশোধিত চুক্তির খসড়া তৈরির জন্য যৌথ ওয়ার্কিং গ্রুপ গঠনের বিষয়ে দুই দেশ একমত হয়।

এরপর মালয়েশিয়া জানায়, বিদেশি কর্মী নিয়োগের জন্য কোটার আবেদন দেশটির FWCMS-এর ‘ই-কোটা’ ব্যবস্থার মাধ্যমে সম্পন্ন করা হবে। এরই মধ্যে ওই সিস্টেমে বাংলাদেশসহ কয়েকটি দেশের রিক্রুটিং এজেন্সির নাম যুক্ত করা হয়েছে।

যেসব ২৫ এজেন্সি তালিকায়

মালয়েশিয়ার প্রকাশিত তালিকায় বাংলাদেশের ২৫টি রিক্রুটিং প্রতিষ্ঠানের নাম রয়েছে। এগুলো হলো—বাংলাদেশ ওয়ান ওভারসিজ লিমিটেড, বেঙ্গল হিউম্যান রিসোর্সেস ডেভেলপমেন্ট, জেনারেল ট্রেডিং কোম্পানি, ইউনাইটেড গালফ সার্ভিসেস, অন্বেষা এয়ার ইন্টারন্যাশনাল, আত-ত্বাকওয়া ওভারসিজ লিমিটেড, আর্থ-স্মার্ট বাংলাদেশ লিমিটেড, খান জাহান আলী ওভারসিজ, মেসার্স আল-সুপ্ত ওভারসিজ, মাদারল্যান্ড ওভারসিজ লিমিটেড এবং রিফা ইন্টারন্যাশনাল।

তালিকায় আরও রয়েছে ভেলি ট্রেড ইন্টারন্যাশনাল, এ-প্লাস ইন্টারন্যাশনাল, আল-হায়াত ওভারসিজ, ভালুকা ওভারসিজ, ব্রাদার্স ট্রেডিং অ্যান্ড কন্ট্রাক্টিং লিমিটেড, চাঁদপুর ইন্টারন্যাশনাল, কান্ট্রি এমপ্লয়মেন্ট এজেন্সি, গুডনেস সার্ভিসেস লিমিটেড, জুয়েল রিংকু এন্টারপ্রাইজ, মেসার্স সাতক্ষীরা ইন্টারন্যাশনাল, ম্যানগ্রোভ ক্যারিয়ার লিংক, নেইবার অ্যাসোসিয়েটস লিমিটেড, তানিয়া ট্রেড ইন্টারন্যাশনাল এবং দ্য অ্যাংকর কেয়ার গ্লোবাল মাইগ্রেশন।

বাংলাদেশের পাশাপাশি কম্বোডিয়া, ভারত, মিয়ানমার, নেপাল, পাকিস্তান, ফিলিপাইন, শ্রীলঙ্কা, থাইল্যান্ড ও ভিয়েতনামের রিক্রুটিং এজেন্সির নামও ওই তালিকায় রয়েছে।

অর্থ লেনদেনে সতর্ক থাকার নির্দেশ

এদিকে শ্রমবাজার নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা না আসা পর্যন্ত কোনো ধরনের চুক্তি করা, কর্মীদের পাসপোর্ট সংগ্রহ, স্বাস্থ্য পরীক্ষা বা তাদের কাছ থেকে অর্থ না নিতে রিক্রুটিং এজেন্সিগুলোকে আগেই নির্দেশ দিয়েছিল প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।

ফলে মালয়েশিয়ার তালিকায় ২৫টি বাংলাদেশি এজেন্সির নাম যুক্ত হলেও কর্মীদের এখনই সংশ্লিষ্ট এজেন্সিকে অর্থ দেওয়ার বিষয়ে সতর্ক থাকতে হবে। শ্রমবাজার আনুষ্ঠানিকভাবে চালু এবং নিয়োগপ্রক্রিয়ার পূর্ণাঙ্গ নির্দেশনা প্রকাশের পরই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।