মধ্যপ্রাচ্য সংকটে বিশ্ববাজারে আবারও বাড়ল তেলের দাম
মধ্যপ্রাচ্যে চলমান ভূরাজনৈতিক উত্তেজনার প্রভাবে আন্তর্জাতিক বাজারে আবারও জ্বালানি তেলের দাম বেড়েছে। যুক্তরাষ্ট্র ও ইরানকে ঘিরে চলমান সংঘাতের কারণে মধ্যপ্রাচ্য থেকে তেল সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কায় টানা দ্বিতীয় সপ্তাহের মতো বিশ্ববাজারে তেলের দাম উচ্চ পর্যায়ে রয়েছে।
শুক্রবার (২১ আগস্ট) বাজার পরিস্থিতি বিশ্লেষণে দেখা যায়, ব্রেন্ট ক্রুডের দাম সামান্য বেড়ে ব্যারেলপ্রতি ৯৩ দশমিক ৮২ ডলারে পৌঁছেছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট বা ডব্লিউটিআই অপরিশোধিত তেলের দাম সামান্য কমে ব্যারেলপ্রতি ৮৬ দশমিক ৭৮ ডলারে দাঁড়িয়েছে।
গত পাঁচ কার্যদিবসে ব্রেন্ট ক্রুডের দাম ৭ শতাংশের বেশি এবং ডব্লিউটিআইয়ের দাম ৮ শতাংশেরও বেশি বেড়েছে। দুই ধরনের তেলের দামই গত ২৪ জুলাইয়ের পর সর্বোচ্চ পর্যায়ে অবস্থান করছে।
এর আগের কার্যদিবসেও ব্রেন্ট ও ডব্লিউটিআই উভয় ধরনের অপরিশোধিত তেলের দাম ২ শতাংশের বেশি বৃদ্ধি পেয়েছিল। জ্বালানি বিশেষজ্ঞদের আশঙ্কা, মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি ও কূটনৈতিক অনিশ্চয়তা দীর্ঘস্থায়ী হলে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম আরও বাড়তে পারে।
তেলের মূল্যবৃদ্ধির ধারাবাহিকতা বৈশ্বিক অর্থনীতির ওপরও নতুন চাপ সৃষ্টি করতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
সূত্র: বাংলা এডিশন