আজকের বাজারে স্বর্ণের দাম কত? দ্যা ফিউচার প্রেস
নিজস্ব প্রতিবেদক: দেশের বাজারে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ভরিতে ৪ হাজার ৩৭৪ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩৪ হাজার ৩৮ টাকা।
শনিবার (৮ আগস্ট) সকাল ১০টা থেকে নতুন এই দাম কার্যকর হয়েছে। নতুন করে কোনো মূল্য সমন্বয় না হওয়ায় রোববার (৯ আগস্ট) দেশের বাজারে একই দামে স্বর্ণ বিক্রি হবে।
বাজুসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ বা পিওর গোল্ডের দাম বেড়ে যাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে ভ্যাটসহ স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে।
নতুন মূল্য অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ লাখ ৩৪ হাজার ৩৮ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ বিক্রি হবে ২ লাখ ২৩ হাজার ৫৪১ টাকা দরে।
এ ছাড়া ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৯১ হাজার ৯৩১ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৫৬ হাজার ৮২২ টাকা নির্ধারণ করা হয়েছে।
বাজুস জানিয়েছে, পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে এই মূল্য কার্যকর থাকবে। তবে স্বর্ণালঙ্কার কেনার ক্ষেত্রে নির্ধারিত দামের সঙ্গে অলঙ্কারের ডিজাইন অনুযায়ী মজুরি যুক্ত হবে।
রুপার দাম অপরিবর্তিত
স্বর্ণের দাম বাড়লেও দেশের বাজারে রুপার দাম অপরিবর্তিত রয়েছে। বর্তমানে ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৪ হাজার ৮৯৯ টাকা।
এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি রুপা ৪ হাজার ৬৬৬ টাকা, ১৮ ক্যারেট ৪ হাজার ২৪ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ৩ হাজার ৩৩ টাকা নির্ধারিত রয়েছে।
নতুন করে স্বর্ণের দাম বাড়ায় গয়না কিনতে ক্রেতাদের আগের তুলনায় বাড়তি অর্থ ব্যয় করতে হবে। বিশেষ করে বিয়ে ও বিভিন্ন সামাজিক অনুষ্ঠানের জন্য স্বর্ণালঙ্কার কেনার প্রস্তুতি নেওয়া ক্রেতাদের ওপর এ মূল্যবৃদ্ধির প্রভাব পড়তে পারে।
এস আই জুনায়েদ