প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর নিয়ে দেওয়া বিবৃতি প্রত্যাহার করল ভারত
বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য নয়াদিল্লি সফর নিয়ে প্রকাশিত একটি বিজ্ঞপ্তি মাত্র এক ঘণ্টার মধ্যে প্রত্যাহার করে নিয়েছে ভারতের রাষ্ট্রপতি ভবন। শুক্রবার ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, বাংলাদেশি প্রধানমন্ত্রীর আনুষ্ঠানিক অভ্যর্থনার পূর্ণাঙ্গ মহড়ার কারণে শনিবার (২২ আগস্ট) রাষ্ট্রপতি ভবনের ফোরকোর্টে নিয়মিত ‘চেঞ্জ অব গার্ড’ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে না। তবে পরবর্তীতে ওই বিজ্ঞপ্তি প্রত্যাহার করে নেয় ভারতীয় রাষ্ট্রপতি ভবন।
প্রতিবেদন অনুযায়ী, স্থানীয় সময় দুপুর ২টার দিকে প্রথম বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়। পরে বেলা ৩টার দিকে নতুন বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়, ‘চেঞ্জ অব গার্ড’ অনুষ্ঠান না হওয়ার বিষয়ে প্রকাশিত আগের প্রেস বিজ্ঞপ্তিটি প্রত্যাহার করা হয়েছে।
এদিকে, প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে এখনো ঢাকা বা নয়াদিল্লির পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেওয়া হয়নি।
ভারতে বিদেশি রাষ্ট্রপ্রধান বা সরকারপ্রধানদের রাষ্ট্রীয় সফর উপলক্ষে রাষ্ট্রপতি ভবনে বিশেষ সামরিক ও কূটনৈতিক আয়োজনের প্রচলন রয়েছে। এর অংশ হিসেবে গার্ড অব অনার, জাতীয় সংগীত পরিবেশন এবং রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর সঙ্গে আনুষ্ঠানিক পরিচয়পর্ব অনুষ্ঠিত হয়।
সূত্র: দৈনিক ইত্তেফাক