The National Press
সর্বশেষ
লোড হচ্ছে...

রইদকে সঙ্গে নিয়ে দেশে ফিরলেন তুষি

Wednesday, December 17, 2025 The National Press
রইদকে সঙ্গে নিয়ে দেশে ফিরলেন তুষি


 তিন বছর আগে মুক্তি পাওয়া ‘হাওয়া’ সিনেমার পর দীর্ঘ সময় নতুন ছবির খবরে আড়ালে ছিলেন জনপ্রিয় অভিনেত্রী নাজিফা তুষি। অবশেষে সেই অপেক্ষার অবসান ঘটেছে। পরিচালক মেজবাউর রহমান সুমনের নতুন সিনেমা ‘রইদ’ এর হাত ধরে আবারও আলোচনায় ফিরলেন তিনি। গত মঙ্গলবার সিনেমাটির পোস্টার প্রকাশের পরপরই ট্রেলার প্রকাশ করা হয়, যা সামাজিক যোগাযোগমাধ্যমে দর্শক ও সমালোচকদের ব্যাপক নজর কেড়েছে।

সিনেমাটি নিয়ে সবচেয়ে বড় সুখবর হলো, বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ চলচ্চিত্র উৎসব ‘ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল রটারড্যাম’ বা আইএফএফআর এর ৫৫তম আসরের মূল প্রতিযোগিতা বিভাগ ‘টাইগার কম্পিটিশনে’ অফিশিয়ালি নির্বাচিত হয়েছে ‘রইদ’। পরিচালক মেজবাউর রহমান সুমন জানান, এই আসরেই সিনেমাটির ওয়ার্ল্ড প্রিমিয়ার বা বিশ্ব প্রদর্শনী অনুষ্ঠিত হবে। এটিই প্রথম কোনো বাংলাদেশি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র যা এই উৎসবের মূল প্রতিযোগিতায় মর্যাদাপূর্ণ ‘টাইগার অ্যাওয়ার্ড’ এর জন্য লড়বে।

ট্রেলার প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিনেমার প্রধান অভিনয়শিল্পী মোস্তাফিজুর নূর ইমরান, নাজিফা তুষি, গাজী রাকায়েত, আহসাবুল ইয়ামিন রিয়াদসহ অন্যান্য কলাকুশলীরা। সিলেটের সুনামগঞ্জ অঞ্চলে চিত্রায়িত এই সিনেমার গল্প লিখেছেন মেজবাউর রহমান সুমন ও সেলিনা বানু মনি। যৌথভাবে চিত্রনাট্য তৈরি করেছেন মেজবাউর রহমান সুমন, জাহিন ফারুক আমিন, সিদ্দিক আহমেদ ও সুকর্ণ শাহেদ ধীমান।

গল্পের প্রেক্ষাপট সম্পর্কে পরিচালক বলেন, একজন সাধু, তার মানসিক ভারসাম্যহীন স্ত্রী এবং তাদের বাড়ির পাশের একটি তালগাছকে কেন্দ্র করে এই আখ্যান আবর্তিত হয়েছে। এখানে মূলত আদম ও হাওয়ার আদিম আখ্যানকে বর্তমানের অনুভূতির প্রেক্ষাপটে পুনর্নির্মাণ করা হয়েছে। সিনেমার প্রতিটি স্তরে চিত্রশিল্পী এস এম সুলতানের দেখা গ্রামীণ বাংলার আবহ ফুটিয়ে তোলা হয়েছে।

 সূত্র : আমার সংবাদ