The National Press ​
সর্বশেষ
লোড হচ্ছে...

ব্রাহ্মণবাড়িয়া শহরের পাওয়ার হাউজ রোড এলাকা থেকে ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রের লাশ উদ্ধার

Saturday, August 08, 2026 The National Press
ব্রাহ্মণবাড়িয়া শহরের পাওয়ার হাউজ রোড এলাকা থেকে ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রের লাশ উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়া শহরের পাওয়ার হাউস রোড এলাকায় মোহাম্মদ আনিসুর রহমান (১৩) নামে ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার রাত ৮টার দিকে একটি চারতলা ভবনের নিচতলার সিঁড়ির পাশ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত আনিসুর রহমান নবীনগর উপজেলার লক্ষ্মীপুর সাতঘরহাটি গ্রামের আলকাছ মিয়া ও জাহানারা বেগমের ছেলে। বর্তমানে তারা ব্রাহ্মণবাড়িয়া শহরের পাওয়ার হাউস রোডের ওই ভবনের চতুর্থ তলায় ভাড়া থাকতেন। আনিসুর কৃষ্ণনগর উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ছিল।

পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, পারিবারিক জমিজমা নিয়ে বিরোধের জেরে কয়েক মাস আগে আনিসুরের এক চাচা হত্যার শিকার হন। ওই হত্যা মামলায় আনিসুরের বাবা আলকাছ মিয়া আসামি হওয়ায় তারা শহরে ভাড়া বাসায় বসবাস করছিলেন।

শুক্রবার রাতে ভবনের নিচতলার সিঁড়ির পাশে আনিসুরের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

পরিবারের অভিযোগ, ঘটনার পেছনে আনিসুরের চাচাতো ভাইদের সম্পৃক্ততা থাকতে পারে। তবে পুলিশ জানিয়েছে, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

ব্রাহ্মণবাড়িয়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এম. এম. রকীব উর রাজা বলেন, মরদেহের প্রাথমিক অবস্থা দেখে ঘটনাটি দুর্ঘটনা বলে মনে হচ্ছে। তবে এটি দুর্ঘটনা নাকি হত্যাকাণ্ড, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পরই নিশ্চিত হওয়া যাবে।

পুলিশ মরদেহটি ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।