ভালোবাসা নিয়েই পৃথিবী ছেড়ে যেতে হবে কুমার বিশ্বজিৎ
সম্প্রতি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ভক্তদের উদ্দেশে একটি পোস্ট দিয়ে তিনি জানতে চান, তার গাওয়া কোন গানটি তাদের সবচেয়ে প্রিয়। পোস্টটি প্রকাশের পর অল্প সময়ের মধ্যেই সেখানে হাজারের বেশি মন্তব্য জমা পড়ে। ভক্তরা তাদের পছন্দের শতাধিক গানের নাম উল্লেখ করেন।
ভক্তদের এই বিপুল সাড়া ও ভালোবাসায় আবেগাপ্লুত হয়েছেন কুমার বিশ্বজিৎ। সোমবার বিকেলে দেওয়া এক ফেসবুক পোস্টে তিনি সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।
তিনি লেখেন, “গত পোস্টে আমার গাওয়া আপনাদের ভালো লাগার গানগুলো জানতে চেয়েছিলাম। আপনাদের অনুভূতি, অভিব্যক্তি এবং ভালো লাগার গানগুলো জানিয়ে যে ভালোবাসা দেখিয়েছেন, তার জন্য আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।”
কুমার বিশ্বজিৎ জানান, ভক্তদের উল্লেখ করা প্রায় ১২৫টি প্রিয় গানের মধ্যে ১০০টিরও বেশি ছিল চলচ্চিত্রের বাইরের মৌলিক গান। তার ভাষায়, এটি শুধু তার জন্য নয়, বরং সংশ্লিষ্ট গীতিকার, সুরকার ও সংগীত পরিচালকদের জন্যও বড় প্রাপ্তি ও আশীর্বাদ।
তিনি আরও লেখেন, “হয়তো আজীবন এই গানগুলো আপনাদের হৃদয়ে বেঁচে থাকবে। আপনাদের এই ভালোবাসা নিয়েই একদিন পৃথিবী থেকে বিদায় নিতে হবে। এমন ভালোবাসা সঙ্গে নিয়ে বিদায় নেওয়াও পরম শান্তির। এটাই সত্যি, এটাই শাশ্বত।”
পোস্টের শেষাংশে শ্রোতাদের জন্য একটি নতুন সংগীত উপহার দেওয়ারও ইঙ্গিত দেন এই গুণী শিল্পী। তার আবেগঘন বার্তা ভক্তদের মধ্যেও ব্যাপক সাড়া ফেলেছে।