The National Press
সর্বশেষ
লোড হচ্ছে...

ওসমান হাদীর খুনিদের ফেরাতে কঠোর অবস্থানে ঢাকা

Sunday, August 16, 2026 The National Press
ওসমান হাদীর খুনিদের ফেরাতে কঠোর অবস্থানে ঢাকা

ভারতের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার উদ্যোগের মধ্যেই প্রধানমন্ত্রী তারেক রহমানের দিল্লি সফরের সম্ভাবনা আপাতত স্থগিত করেছে বাংলাদেশ। সফরের জন্য প্রয়োজনীয় অনুকূল পরিবেশ তৈরি না হওয়া পর্যন্ত এ বিষয়ে এগোতে চায় না ঢাকা।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, দিল্লি সফরের অনুকূল পরিবেশ তৈরির ক্ষেত্রে বাংলাদেশের পক্ষ থেকে দুটি বিষয়কে গুরুত্ব দেওয়া হচ্ছে। এর মধ্যে রয়েছে ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও অন্যান্য পলাতক আসামিকে দ্রুত বাংলাদেশে ফেরত পাঠানো এবং শহীদ শরীফ ওসমান হাদী হত্যা মামলায় অভিযুক্তদের বাংলাদেশের কাছে হস্তান্তর করা।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, বাংলাদেশ-ভারত দ্বিপক্ষীয় প্রত্যর্পণ চুক্তির আওতায় শেখ হাসিনা ও অন্যান্য পলাতক অপরাধীকে দ্রুত ফেরত পাঠানোর জন্য ভারতকে অনুরোধ করা হয়েছে। একই সঙ্গে ওসমান হাদী হত্যা মামলায় অভিযুক্তদেরও বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ জানানো হয়েছে। এখন ভারতের জবাবের অপেক্ষায় রয়েছে ঢাকা।

বাংলাদেশের ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতির কথাও পুনর্ব্যক্ত করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। মুখপাত্র জানান, সার্বভৌম সমতা, জাতীয় মর্যাদা, একে অপরের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করা এবং পারস্পরিক স্বার্থের ভিত্তিতে প্রতিবেশীসহ বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এগিয়ে নিতে সরকার কাজ করবে।

এদিকে ওসমান হাদী হত্যা মামলার আসামিদের ফেরাতে বাংলাদেশ প্রয়োজনীয় আইনি নথিপত্র ইতোমধ্যে ভারতের কাছে পাঠিয়েছে। এর আগে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছিলেন, মামলার প্রধান অভিযুক্ত ফয়সাল করিম মাসুদসহ তিন সন্দেহভাজনের প্রত্যর্পণের জন্য প্রয়োজনীয় কাগজপত্র ভারতীয় কর্তৃপক্ষের কাছে দেওয়া হয়েছে। তারা বর্তমানে ভারতের আইনি প্রক্রিয়ার মধ্যে রয়েছেন।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মতে, বাংলাদেশ-ভারত প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী প্রয়োজন হলে বিচার চলমান অবস্থাতেও অভিযুক্তদের বাংলাদেশে হস্তান্তর করা সম্ভব। এরই মধ্যে মামলার প্রধান সন্দেহভাজন ফয়সাল করিম মাসুদ ও তার সহযোগী আলমগীরকে ভারতে গ্রেপ্তার করা হয়েছে। তাদের দেশে ফিরিয়ে এনে মামলার বিচারিক কার্যক্রম এগিয়ে নিতে চায় বাংলাদেশ।

দুই দেশের সম্পর্কের টানাপোড়েনের মধ্যেই হাদী হত্যা মামলার আসামিদের ফেরত চাওয়ার বিষয়টি ঢাকা-নয়াদিল্লি আলোচনায় গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে উঠেছে। বাংলাদেশ স্পষ্ট করে দিয়েছে, পারস্পরিক সম্মান ও স্বার্থের ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নেওয়ার পাশাপাশি গুরুত্বপূর্ণ প্রত্যর্পণ ইস্যুগুলোরও সমাধান চায় ঢাকা।