নুরু-ইলিয়াসের পাল্টাপাল্টি পোস্ট, উত্তপ্ত সামাজিক যোগাযোগমাধ্যম
নিজস্ব প্রতিবেদক: অনুসন্ধানী সাংবাদিক ইলিয়াস হোসাইন ও গণঅধিকার পরিষদের নেতা নুরুল হক নুরের পাল্টাপাল্টি ফেসবুক পোস্টকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।
ঘটনার শুরু ইলিয়াস হোসাইনের একটি ফেসবুক পোস্ট থেকে। তিনি জানান, নুরুল হক নুরকে নিয়ে একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করা হবে তার ইউটিউব চ্যানেলে। নির্ধারিত সময় হিসেবে বুধবার রাত ৮টার কথা উল্লেখ করেন তিনি।
ইলিয়াসের এমন ঘোষণার পর প্রতিক্রিয়া জানান নুরুল হক নুর। ভিডিও প্রকাশের আগেই সেটিকে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা ভিডিও বলে ইঙ্গিত দেন তিনি। একই সঙ্গে ভিডিওটি দেখে ইলিয়াস হোসাইনের পরিশ্রম সার্থক করার আহ্বানও জানান নুর।
এরপর নুরের বক্তব্যের জবাব দেন ইলিয়াস হোসাইন। তিনি দাবি করেন, ভিডিও প্রকাশের আগেই এআইয়ের প্রসঙ্গ তোলা আত্মপক্ষ সমর্থনের ইঙ্গিত হতে পারে। নির্ধারিত সময়েই ভিডিও প্রকাশ করা হবে বলেও জানান তিনি।
দুজনের পাল্টাপাল্টি বক্তব্যকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে নানা আলোচনা। এখন অনেকের দৃষ্টি ইলিয়াস হোসাইনের ঘোষিত অনুসন্ধানী ভিডিওটির দিকে।