The National Press
সর্বশেষ
লোড হচ্ছে...

রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল

Thursday, August 13, 2026 The National Press
রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল

দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির দলীয় প্রার্থী হিসেবে দলের মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম চূড়ান্ত করা হয়েছে।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে সচিবালয়ে দলের জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে বৈঠকের পর বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান মির্জা ফখরুলের প্রার্থিতা চূড়ান্ত করেন। পরে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক শেষে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আনুষ্ঠানিকভাবে তার নাম ঘোষণা করেন।

এরপর বিকেলে রাষ্ট্রপতি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য মির্জা ফখরুলের মনোনয়নপত্র নির্বাচন কমিশনে জমা দেওয়া হয়। তার মনোনয়নপত্রে প্রস্তাবকারী হিসেবে স্বাক্ষর করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান। সমর্থনকারী হিসেবে স্বাক্ষর করেছেন স্থায়ী কমিটির আরেক সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

আগামী ২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সংবিধান অনুযায়ী, সংসদ সদস্যদের ভোটে রাষ্ট্রপতি নির্বাচিত হন। বর্তমানে জাতীয় সংসদে বিএনপির দুই-তৃতীয়াংশের বেশি সংখ্যাগরিষ্ঠতা রয়েছে। ফলে বিএনপির প্রার্থী মির্জা ফখরুলের নির্বাচিত হওয়ার সম্ভাবনা রাজনৈতিকভাবে বেশ জোরালো।

দীর্ঘ রাজনৈতিক পথ পেরিয়ে মির্জা ফখরুল

মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২০১১ সালে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব পান। ২০১৬ সালের জাতীয় কাউন্সিলের মাধ্যমে তিনি আনুষ্ঠানিকভাবে দলের মহাসচিব নির্বাচিত হন।

এরপর দীর্ঘ সময় ধরে তিনি বিএনপির অন্যতম প্রধান নেতৃত্বের ভূমিকায় ছিলেন। খালেদা জিয়ার কারাবন্দিত্ব এবং তারেক রহমানের দেশের বাইরে অবস্থানের সময় দল পরিচালনায় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন তিনি। আওয়ামী লীগ সরকারের সময়ে তিনি একাধিকবার কারাবরণও করেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকারে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্ব পান মির্জা ফখরুল।

প্রতিদ্বন্দ্বী অলি আহমদ

রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির পাশাপাশি জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যও প্রার্থী দিয়েছে। ওই জোটের পক্ষ থেকে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদকে প্রার্থী করা হয়েছে। বৃহস্পতিবার তার মনোনয়নপত্রও জমা দেওয়া হয়েছে।

সব প্রার্থী শেষ পর্যন্ত প্রার্থিতা বহাল রাখলে দীর্ঘ প্রায় ৩৫ বছর পর রাষ্ট্রপতি পদে সরাসরি ভোট অনুষ্ঠিত হবে। এর আগে সর্বশেষ ১৯৯১ সালে রাষ্ট্রপতি নির্বাচনে ভোট হয়েছিল। পরবর্তী সময়ে ক্ষমতাসীন দলের প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন।

সাহাবুদ্দিনের পদত্যাগের পর নতুন নির্বাচন

গত ২৪ জুলাই রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেন মো. সাহাবুদ্দিন। এরপর জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছেন। সংবিধান অনুযায়ী, রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ার ৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন সম্পন্ন করতে হবে।

বর্তমান সংসদে বিএনপির বড় সংখ্যাগরিষ্ঠতা থাকায় মির্জা ফখরুল নির্বাচিত হলে তিনি বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হবেন।

তথ্যসূত্র: দৈনিক ইত্তেফাক