ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ লাইন্সের ঘটনা ‘পরাজিত ফ্যাসিবাদের প্রতিশোধমূলক অপচেষ্টা’: খেলাফত মজলিস
বুধবার (১৯ আগস্ট) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ এ দাবি জানান। দলটির প্রচার সম্পাদক ও মিডিয়া সমন্বয়ক হাসান জনাইদ বিবৃতিটি গণমাধ্যমে পাঠান।
বিবৃতিতে মাওলানা জালালুদ্দীন আহমদ বলেন, পরীক্ষার্থী মাদরাসাছাত্ররা কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করতে পুলিশ লাইন্সে যায়নি। পরীক্ষার প্রস্তুতির স্বার্থে উচ্চশব্দে গানবাজনা বন্ধ করা অথবা শব্দের মাত্রা কমানোর অনুরোধ জানাতেই তারা সেখানে গিয়েছিল বলে দাবি করেন তিনি।
তবে শিক্ষার্থীদের অভিযোগ শোনার পরিবর্তে পুলিশের একটি অংশ তাদের ওপর লাঠিচার্জ ও ছররা গুলি নিক্ষেপ করেছে বলে অভিযোগ করেন খেলাফত মজলিসের মহাসচিব। এতে কিশোর ও শিশু শিক্ষার্থীসহ বেশ কয়েকজন আহত হয়েছেন বলেও বিবৃতিতে দাবি করা হয়।
পুলিশের এমন আচরণকে কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করে তিনি প্রশাসনের ভেতরে আগের সরকারের প্রতি আনুগত্যশীল কোনো গোষ্ঠী এখনো সক্রিয় রয়েছে কি না, তা খতিয়ে দেখার দাবি জানান।
ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়ে মাওলানা জালালুদ্দীন আহমদ বলেন, দায়ী পুলিশ সদস্যদের চিহ্নিত করে দ্রুত বরখাস্ত ও আইনগত ব্যবস্থা নিতে হবে। পাশাপাশি পুলিশ লাইন্সে দায়িত্বে থাকা ইনচার্জের ভূমিকা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ারও দাবি জানান তিনি।
আহত শিক্ষার্থীদের সুচিকিৎসা নিশ্চিত করার আহ্বান জানিয়ে তিনি বলেন, শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। একই সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জনগণের নিরাপত্তা ও অধিকার রক্ষায় আরও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।