স্থায়ী কমিটিতে রিজভীসহ বিএনপির নতুন চার সদস্য
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটিতে নতুন করে চার নেতাকে অন্তর্ভুক্ত করা হয়েছে। শনিবার (১৫ আগস্ট) দলটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
নতুন সদস্যরা হলেন—দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ, চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান, ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক ফরহাদ হালিম (ডোনার) এবং চেয়ারপারসনের উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহ।
দলের সহদপ্তর সম্পাদক মুহাম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা এবং দলীয় সিদ্ধান্তের ভিত্তিতে এই চার নেতাকে জাতীয় স্থায়ী কমিটিতে যুক্ত করা হয়েছে।
নতুন সদস্যদের মধ্যে রুহুল কবির রিজভী দীর্ঘদিন ধরে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিবের দায়িত্ব পালন করছেন। আমান উল্লাহ আমান এর আগে ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক ছিলেন। একই ইউনিটের ভারপ্রাপ্ত আহ্বায়কের দায়িত্বে ছিলেন ফরহাদ হালিম। আর মো. ইসমাইল জবিউল্লাহ বর্তমানে প্রধানমন্ত্রীর জনপ্রশাসনবিষয়ক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন।
বিএনপির সর্বশেষ জাতীয় কাউন্সিল অনুষ্ঠিত হয় ২০১৬ সালের ১৯ মার্চ। ওই কাউন্সিলের পর দলের জাতীয় স্থায়ী কমিটি পুনর্গঠন করা হয়েছিল। পরবর্তী সময়ে কয়েকজন সদস্যের মৃত্যু, পদত্যাগসহ বিভিন্ন কারণে স্থায়ী কমিটিতে একাধিক পদ শূন্য হয়। পর্যায়ক্রমে এসব পদে নতুন নেতাদের যুক্ত করেছে দলটি।
এবার একসঙ্গে চার নেতাকে স্থায়ী কমিটিতে অন্তর্ভুক্ত করার মধ্য দিয়ে বিএনপির নীতিনির্ধারণী পর্যায়ে নতুন বিন্যাস তৈরি হলো।