The National Press ​
সর্বশেষ
লোড হচ্ছে...

দেশজুড়ে বৃষ্টি বাড়ার আভাস, থাকবে ভ্যাপসা গরম

Monday, August 24, 2026 The National Press
দেশজুড়ে বৃষ্টি বাড়ার আভাস, থাকবে ভ্যাপসা গরম

দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টির পরিমাণ বাড়তে শুরু করলেও গরম থেকে আপাতত স্বস্তি মিলছে না। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস বলছে, মৌসুমি বায়ুর সক্রিয়তার কারণে আগামী কয়েকদিন দেশের বেশিরভাগ এলাকায় বৃষ্টির প্রবণতা বাড়তে পারে। তবে ভারী থেকে অতিভারী বৃষ্টির আশঙ্কা আপাতত নেই।

সোমবার দেশের মধ্যে সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে চট্টগ্রাম বিভাগে। নোয়াখালীর মাইজদী কোর্টে ৮০ মিলিমিটার এবং কক্সবাজারের কুতুবদিয়ায় ৭৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। রাজধানী ঢাকায় এদিন ৫ মিলিমিটার বৃষ্টি হয়েছে।

আবহাওয়াবিদদের মতে, লঘুচাপের প্রভাব ধীরে ধীরে কমে গেলেও মৌসুমি বায়ু সক্রিয় থাকায় বুধবার থেকে পরবর্তী দুই-তিন দিন দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির প্রবণতা আরও বাড়তে পারে।

কোথায় কেমন বৃষ্টি হতে পারে

আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, রংপুর, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও বরিশাল বিভাগের কিছু এলাকায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণও হতে পারে। তবে দিনের তাপমাত্রায় বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

পরদিনও রংপুর, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক এলাকায় এবং দেশের অন্যান্য বিভাগের কিছু অঞ্চলে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে।

বৃষ্টি হলেও থাকবে ভ্যাপসা গরম

বৃষ্টির প্রবণতা বাড়লেও বাতাসে আর্দ্রতা বেশি থাকায় অস্বস্তিকর গরম পুরোপুরি কাটবে না। আবহাওয়াবিদরা বলছেন, চলতি মাসজুড়েই কমবেশি বৃষ্টির পাশাপাশি ভাদ্রের ভ্যাপসা গরম অনুভূত হতে পারে। আর্দ্রতা বেশি থাকলে প্রকৃত তাপমাত্রার তুলনায় শরীরে গরম বেশি অনুভূত হয়।

সোমবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে নীলফামারীর সৈয়দপুরে, ৩৪ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। একই দিন ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, আগামী এক সপ্তাহে ভারী থেকে অতিভারী বৃষ্টির কোনো উল্লেখযোগ্য সম্ভাবনা নেই। ফলে বৃষ্টি বাড়লেও দেশজুড়ে বড় ধরনের বন্যা পরিস্থিতি তৈরির আশঙ্কা আপাতত দেখা যাচ্ছে না।