অটোরিকশার কারণে হঠাৎ বেড়েছে বিদ্যুতের চাহিদা: বিদ্যুৎমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক:দেশে ব্যাটারিচালিত অবৈধ অটোরিকশার সংখ্যা বেড়ে যাওয়ায় বিদ্যুতের চাহিদা হঠাৎ বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা জানান।
মন্ত্রী বলেন, দেশে বিপুলসংখ্যক ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল করছে। এসব যানবাহনের অধিকাংশই রাতে চার্জ দেওয়া হয়। অনেক ক্ষেত্রে অটোরিকশা চার্জ দেওয়ার জন্য অবৈধ বিদ্যুৎ সংযোগ ব্যবহার করা হচ্ছে। ফলে বিদ্যুতের ওপর বাড়তি চাপ তৈরি হচ্ছে।
অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে অভিযান পরিচালনার কথা জানিয়ে ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, এসব সংযোগ বিচ্ছিন্ন করতে গেলে বিভিন্ন জায়গায় আন্দোলনের মুখে পড়তে হয়। এমনকি অভিযান পরিচালনার সময় বিদ্যুৎ বিভাগের কর্মীরাও হামলার শিকার হয়েছেন বলে জানান তিনি।
এদিকে দেশে এলএনজির সরবরাহ বাড়াতে আরও তিনটি টার্মিনাল স্থাপনের পরিকল্পনার কথাও জানিয়েছেন বিদ্যুৎমন্ত্রী। তিনি বলেন, প্রায় ১০ থেকে ১২ দিন আগে একটি এলএনজি টার্মিনালের জন্য অর্ডার দেওয়া হয়েছে। পাশাপাশি মোংলা-হিরন পয়েন্ট এলাকায় আরও একটি টার্মিনাল স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে।
বিদ্যুৎ ও গ্যাস পরিস্থিতি নিয়ে গুজব না ছড়ানোর আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা করছে। জ্বালানি খাতের বর্তমান পরিস্থিতির জন্য তিনি আগের আওয়ামী লীগ সরকারের দীর্ঘ ১৭ বছরের শাসনামলকেও দায়ী করেন।
বিদ্যুৎমন্ত্রী আরও বলেন, দেশের বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক রাখতে সরকার বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে। একই সঙ্গে অবৈধ বিদ্যুৎ সংযোগ বন্ধ এবং জ্বালানি সরবরাহ বাড়ানোর মাধ্যমে সংকট মোকাবিলার চেষ্টা চলছে।