ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় অটোরিকশায় ৪০ লিটার দেশীয় মদ, গ্রেপ্তার ১
নিজস্ব প্রতিবেদক: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ব্যাটারিচালিত অটোরিকশায় করে দেশীয় তৈরি মদ পরিবহনের সময় এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। এ সময় অটোরিকশা থেকে ৪০ লিটার দেশীয় তৈরি মদ উদ্ধার করা হয়েছে।
রোববার (১৬ আগস্ট) সকাল ১১টা ৫ মিনিটের দিকে আখাউড়া উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের টানমান্দাইল শান্তিপুর এলাকায় এ অভিযান চালানো হয়। গোপন সংবাদের ভিত্তিতে ব্রাহ্মণবাড়িয়া জেলা ডিবি পুলিশের একটি দল সেখানে অভিযান পরিচালনা করে।
পুলিশ সূত্রে জানা যায়, অভিযানকালে একটি ব্যাটারিচালিত অটোরিকশা থামিয়ে তল্লাশি চালানো হয়। এ সময় অটোরিকশা থেকে ৪০ লিটার দেশীয় তৈরি মদ উদ্ধার করা হয়। মাদক বহনের অভিযোগে অটোরিকশায় থাকা মো. রিয়াজ মিয়াকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার রিয়াজ মিয়া ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার কামালপুর গ্রামের মো. তাজুল ইসলামের ছেলে।
পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া দেশীয় তৈরি মদ ও অটোরিকশাটি বিধি অনুযায়ী জব্দ করা হয়েছে। এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।