The National Press
সর্বশেষ
লোড হচ্ছে...

৩ লাখ ৯ হাজার রোহিঙ্গাকে ফেরত নিতে সম্মতি মিয়ানমারের

Monday, August 17, 2026 The National Press
৩ লাখ ৯ হাজার রোহিঙ্গাকে ফেরত নিতে সম্মতি মিয়ানমারের

বাংলাদেশে আশ্রয় নেওয়া প্রায় ৩ লাখ ৯ হাজার রোহিঙ্গাকে মিয়ানমারে ফেরত নেওয়ার বিষয়ে সম্মতি জানিয়েছে দেশটির সরকার। যাচাই-বাছাই শেষে ৩ লাখ ৮ হাজার ৯৭৫ জনকে রাখাইন রাজ্যের সাবেক বাসিন্দা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে।

মিয়ানমারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে আনাদোলু এজেন্সির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। তবে রাখাইনের নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত প্রত্যাবাসন কার্যক্রম শুরু করা হবে না বলে জানিয়েছে মিয়ানমার। 

মিয়ানমারের পক্ষ থেকে জানানো হয়েছে, যাচাই-বাছাই প্রক্রিয়ায় যেসব রোহিঙ্গাকে রাখাইনের বাসিন্দা হিসেবে শনাক্ত করা হয়েছে, নিরাপত্তা পরিস্থিতির উন্নতি হলে তাদের পর্যায়ক্রমে ফিরিয়ে নেওয়ার উদ্যোগ নেওয়া হবে।

তবে রোহিঙ্গাদের প্রত্যাবাসনের ক্ষেত্রে নিরাপত্তা, নাগরিকত্ব এবং মৌলিক অধিকার নিশ্চিত করা নিয়ে দীর্ঘদিন ধরেই জটিলতা রয়েছে। এসব বিষয়ে নিশ্চয়তা না থাকায় অতীতেও কয়েক দফা প্রত্যাবাসনের উদ্যোগ কার্যকর করা সম্ভব হয়নি।

এর সঙ্গে নতুন করে যুক্ত হয়েছে মিয়ানমারের সেনাবাহিনী ও আরাকান আর্মির মধ্যে চলমান সংঘাত। রাখাইন রাজ্যের বিভিন্ন এলাকায় সংঘাত অব্যাহত থাকায় সেখানে নিরাপদ পরিবেশ তৈরি না হওয়া পর্যন্ত রোহিঙ্গাদের ফেরত পাঠানোর প্রক্রিয়া বাস্তবায়ন কঠিন বলে মনে করা হচ্ছে।

২০১৭ সালে মিয়ানমারে ব্যাপক সহিংসতা ও নির্যাতনের পর বিপুলসংখ্যক রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে আসে। বর্তমানে বাংলাদেশে ১৩ লাখের বেশি রোহিঙ্গা অবস্থান করছে। বাংলাদেশ শুরু থেকেই নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের ওপর গুরুত্ব দিয়ে আসছে। অন্যদিকে রোহিঙ্গারা মিয়ানমারে ফেরার আগে নাগরিকত্ব, নিরাপত্তা ও মৌলিক অধিকার নিশ্চিত করার দাবি জানিয়ে আসছে।

মিয়ানমারের সর্বশেষ অবস্থান প্রত্যাবাসন প্রক্রিয়ায় নতুন সম্ভাবনা তৈরি করলেও বাস্তবে কবে নাগাদ এবং কী প্রক্রিয়ায় এসব রোহিঙ্গাকে ফিরিয়ে নেওয়া হবে, তা এখনো স্পষ্ট নয়।