ব্রাহ্মণবাড়িয়ায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে বিষের বোতল হাতে তরুণী, ৫ দিনেও সমাধান নেই
নিজস্ব প্রতিবেদক: ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে বিষের বোতল হাতে নিয়ে পাঁচ দিন ধরে অবস্থান করছেন লায়লা আক্তার (১৮) নামে এক তরুণী। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের পাশাপাশি তরুণীর নিরাপত্তা নিয়েও উদ্বেগ তৈরি হয়েছে।
শনিবার (৮ আগস্ট) থেকে বুধবার (১২ আগস্ট) দিবাগত রাত পর্যন্ত উপজেলার হরিপুর ইউনিয়নের হরিণবেড় গ্রামের প্রেমিক আমিন খানের বাড়িতে অবস্থান করেন লায়লা। আমিন ওই গ্রামের কামাল খানের ছেলে এবং বর্তমানে দুবাইপ্রবাসী বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
লায়লার দাবি, আমিনের সঙ্গে তার প্রায় চার বছর ধরে প্রেমের সম্পর্ক। আমিন দেশে থাকাকালে দুই বছর এবং পরে দুবাই যাওয়ার পর আরও দুই বছর ধরে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সম্পর্ক বজায় রাখেন। তবে দীর্ঘদিনের সম্পর্কের পর এখন আমিন বিয়েতে রাজি হচ্ছেন না বলে অভিযোগ করেন তিনি।
লায়লার বাবা সোহাগ খান বলেন, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সম্পর্ক করার পর এখন অস্বীকৃতি জানানোয় তার মেয়ে পাঁচ দিন ধরে অনশন করছেন। স্থানীয় সর্দার-মাতব্বররা বিষয়টি সমাধানের জন্য ছেলে পক্ষের সঙ্গে আলোচনা করে বিয়ের প্রস্তাব দিলেও পরে তারা টালবাহানা শুরু করেন বলে অভিযোগ করেন তিনি।
তিনি আরও বলেন, মেয়ের জীবন নিয়ে তারা উদ্বিগ্ন। যেকোনো সময় অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি।
এদিকে আমিন খানের বড় ভাই আজমল খান জানান, তার ছোট ভাইয়ের সঙ্গে লায়লার সম্পর্ক ছিল। তবে আমিন বর্তমানে বিয়েতে সম্মতি দিচ্ছেন না। এ অবস্থায় পরিবারের পক্ষ থেকে কী করার আছে, সেটিও প্রশ্ন করেন তিনি।
লায়লার হাতে বিষের বোতল থাকার বিষয়টি স্বীকার করে আজমল খান বলেন, বিষের বোতলটি স্থানীয় সর্দার-মাতব্বররা সরিয়ে নিয়েছেন।
স্থানীয়রা জানান, বিষয়টি মীমাংসার জন্য কয়েক দফা বৈঠক ও আলোচনা হয়েছে। তরুণীকে বিয়ে করার বিষয়ে প্রেমিকপক্ষের সঙ্গে আলোচনা হলেও এখন পর্যন্ত কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। দীর্ঘ সময় ধরে তরুণী প্রেমিকের বাড়িতে অবস্থান করায় এলাকায় উদ্বেগ ও কৌতূহল তৈরি হয়েছে।
নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ধরনের একটি ঘটনা ঘটেছে। বিষয়টি স্থানীয় চেয়ারম্যান দেখছেন। তবে অনশন বা প্রেমসংক্রান্ত বিষয়ে কোনো অভিযোগ পাওয়া গেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।