The Future Press
ব্রেকিং নিউজ
লোড হচ্ছে...

ছাত্রদলকে নিয়ন্ত্রণ না করলে সরকারের পরিণতি হবে ভয়াবহ

Wednesday, August 05, 2026 The Future press
ছাত্রদলকে নিয়ন্ত্রণ না করলে সরকারের পরিণতি হবে ভয়াবহ

 

রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত এক ছাত্র গণজমায়েতে বক্তারা অভিযোগ করেছেন, দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রদলের সহিংসতা ও দখলদারিত্বের রাজনীতি বেড়েছে। তারা দাবি করেন, এসব কর্মকাণ্ড দ্রুত নিয়ন্ত্রণ করা না হলে সরকারের জন্যও এর নেতিবাচক পরিণতি হতে পারে।

বুধবার (৫ আগস্ট) সকালে ‘গণভোটের রায় অনুযায়ী জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন, সব গণহত্যার বিচার নিশ্চিতকরণ এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ ও ঢাকা আলিয়াসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে হামলার প্রতিবাদে’ এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তিতে গণহত্যার বিচার ও জুলাই সনদের বাস্তবায়ন নিয়ে আলোচনা হওয়ার কথা থাকলেও শিক্ষাঙ্গনে সহিংসতা নতুন উদ্বেগ তৈরি করেছে। তারা অভিযোগ করেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, সন্ত্রাস ও চাঁদাবাজির মতো বিষয় থেকে দৃষ্টি সরাতেই ক্যাম্পাসগুলোকে অস্থিতিশীল করা হচ্ছে।

ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম অভিযোগ করেন, সাম্প্রতিক হামলায় জড়িতদের অনেকেই প্রকৃত শিক্ষার্থী নন, বরং বহিরাগত। তিনি দাবি করেন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ ও ঢাকা আলিয়াসহ বিভিন্ন প্রতিষ্ঠানে সশস্ত্র হামলার ঘটনা ঘটেছে।

তিনি বলেন, শিক্ষাঙ্গনে সহাবস্থান নিশ্চিত করতে হবে। একই সঙ্গে তিনি সরকারকে সহিংসতার অভিযোগে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান। অন্যথায় শিক্ষার্থীরা প্রতিরোধ গড়ে তুলবে বলেও মন্তব্য করেন।

সমাবেশে বক্তব্য দেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি হামিদুর রহমান আযাদ। তিনি অভিযোগ করেন, শিক্ষাঙ্গনে শান্তিপূর্ণ পরিবেশের পরিবর্তে আবারও দখলদারিত্ব ও চাঁদাবাজির সংস্কৃতি ফিরিয়ে আনার চেষ্টা চলছে।

জামায়াতের নেতা মাওলানা রফিকুল ইসলাম খান অভিযোগ করেন, সাম্প্রতিক ঘটনাগুলোতে আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। তিনি এসব অভিযোগের নিরপেক্ষ তদন্তের দাবি জানান।

ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, বিশ্ববিদ্যালয়গুলোতে টেন্ডারবাজি ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘাত সৃষ্টি হচ্ছে বলে তাদের ধারণা। তিনি শিক্ষাঙ্গনে স্বচ্ছ ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানান।

সমাবেশে জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন, সাম্প্রতিক সহিংসতার বিচার এবং শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপদ পরিবেশ নিশ্চিত করার দাবিও জানানো হয়।