৭৫ লাখ টাকার শিক্ষাবৃত্তি পেলেন ব্রাহ্মণবাড়িয়ার সুহানা, পড়বেন AUW-তে
নিজস্ব প্রতিবেদক: মেধা, অধ্যবসায় ও কঠোর পরিশ্রমের স্বীকৃতি হিসেবে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন (এউডব্লিউ)-এ প্রায় ৬০ হাজার মার্কিন ডলার বা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৭৫ লাখ টাকা সমমূল্যের শিক্ষাবৃত্তি অর্জন করেছেন ব্রাহ্মণবাড়িয়ার কসবার মেয়ে সুহানা আক্তার।
এই শিক্ষাবৃত্তির আওতায় আগামী চার বছর এউডব্লিউতে পড়াশোনা করে গ্র্যাজুয়েশন সম্পন্ন করার সুযোগ পাবেন তিনি।
সুহানার এই সাফল্যের খবরে তার পরিবার, আত্মীয়স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে আনন্দের জোয়ার বইছে। স্বজনদের মতে, আন্তর্জাতিক মানের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে এমন মর্যাদাপূর্ণ শিক্ষাবৃত্তি অর্জন ব্রাহ্মণবাড়িয়ার তরুণ প্রজন্মের জন্য অনুপ্রেরণার একটি উজ্জ্বল দৃষ্টান্ত।
সুহানা আক্তার বাচ্চু মিয়ার একমাত্র মেয়ে। ছোটবেলা থেকেই পড়াশোনার প্রতি তার ছিল বিশেষ আগ্রহ। নিয়মিত অধ্যয়ন, কঠোর পরিশ্রম এবং লক্ষ্য অর্জনে অটুট থাকার মানসিকতাই তাকে ধাপে ধাপে এই সাফল্যের পথে এগিয়ে নিয়েছে।
পরিবারের সদস্যরা জানান, সুহানার এমন অর্জনে তারা অত্যন্ত আনন্দিত ও গর্বিত। আন্তর্জাতিক পর্যায়ে উচ্চশিক্ষার এই সুযোগ কাজে লাগিয়ে ভবিষ্যতে দেশ ও মানুষের কল্যাণে সুহানা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে প্রত্যাশা তাদের।
সুহানার গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার কুটিগ্রাম এলাকার লেশিয়ারা গ্রামে। বর্তমানে তিনি সিলেট মহানগরীর খারপাড়া এলাকায় বসবাস করছেন।
স্বজন ও শুভাকাঙ্ক্ষীরা মনে করছেন, সুহানার এই অর্জন শুধু একটি শিক্ষাবৃত্তি লাভের ঘটনা নয়; বরং স্বপ্ন, মেধা, অধ্যবসায় ও কঠোর পরিশ্রমের মাধ্যমে আন্তর্জাতিক পর্যায়ে সাফল্য অর্জনের অনুপ্রেরণামূলক উদাহরণ।
ব্রাহ্মণবাড়িয়ার গর্ব সুহানা আক্তারের এই সাফল্যে তাকে অভিনন্দন জানিয়েছেন পরিবার, স্বজন ও শুভাকাঙ্ক্ষীরা। একই সঙ্গে তার উজ্জ্বল ভবিষ্যৎ ও সফল শিক্ষাজীবনের জন্য শুভকামনা জানিয়েছেন তারা।