The Future Press
ব্রেকিং নিউজ
লোড হচ্ছে...

মেজর মোজাফফর হোসেনের বিচার হবে সেনা আইনে

Monday, July 20, 2026 The Future press
মেজর মোজাফফর হোসেনের বিচার হবে সেনা আইনে

 

সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান হত্যা মামলার দণ্ডপ্রাপ্ত ও দীর্ঘদিন পলাতক থাকা আসামি মেজর (অব.) মোজাফফর হোসেনকে গ্রেপ্তারের পর বাংলাদেশ সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে। তার বিচার সেনা আইনের আওতায় জেনারেল কোর্ট মার্শালের মাধ্যমে সম্পন্ন হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

সোমবার রাজধানীর পিলখানায় বিজিবি সদরদপ্তরে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, একই ঘটনার জন্য একজন ব্যক্তিকে একাধিক আইনে বা একই অপরাধে দুইবার বিচারের সুযোগ নেই। যেহেতু মোজাফফর হোসেনের বিরুদ্ধে অতীতে সামরিক আদালতে বিচারিক প্রক্রিয়া শুরু হয়েছিল এবং তিনি দীর্ঘদিন পলাতক ছিলেন, তাই তাকে পুনরায় সেনা আইনের অধীনেই বিচার করা হবে।

তিনি আরও জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দেশে ফেরার পর মোজাফফর হোসেনকে আটক করা হয়। এরপর প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তাকে বাংলাদেশ সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে। জেনারেল কোর্ট মার্শাল তার বিরুদ্ধে প্রযোজ্য আইন অনুযায়ী পরবর্তী সিদ্ধান্ত নেবে।

মন্ত্রীর ভাষ্য অনুযায়ী, একই মামলায় যেসব আসামির বিচার ও দণ্ড কার্যকর হয়েছে, তাদের রায় এবং বিদ্যমান সামরিক আইন বিবেচনায় নিয়েই পরবর্তী কার্যক্রম পরিচালিত হবে।

সহযোগীদের বিরুদ্ধে নতুন করে তদন্ত বা বেসামরিক আদালতে মামলা হতে পারে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, সেনাবাহিনীর সদস্যদের ক্ষেত্রে সামরিক আইনই প্রযোজ্য। তবে ভবিষ্যতে কোনো বিষয় যদি বেসামরিক আদালতের এখতিয়ারে পড়ে, তাহলে প্রচলিত আইন অনুযায়ী তা বিবেচনা করা হবে।

চট্টগ্রামে দায়ের করা পুনঃতদন্তের আবেদন প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আদালতের এখতিয়ারভুক্ত যেকোনো বিষয় আইন অনুযায়ী পরীক্ষা-নিরীক্ষা করা হবে। তবে একই ব্যক্তিকে একই অপরাধে দুইবার বিচারের সুযোগ নেই বলেও তিনি পুনর্ব্যক্ত করেন।

এ সময় বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকীসহ স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।