The National Press
সর্বশেষ
লোড হচ্ছে...

দেশে আবারও ভয়ের সংস্কৃতি চালুর চেষ্টা হচ্ছে: নাহিদ ইসলাম

Thursday, July 30, 2026 The National Press
দেশে আবারও ভয়ের সংস্কৃতি চালুর চেষ্টা হচ্ছে: নাহিদ ইসলাম


দেশে আবারও ভয়ের সংস্কৃতি চালুর চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও সংসদ সদস্য নাহিদ ইসলাম। তিনি বলেন, আন্দোলন দমনে বালুভর্তি ট্রাক দিয়ে রাস্তা অবরোধ করা শেখ হাসিনা সরকারের কৌশলের পুনরাবৃত্তি।

বৃহস্পতিবার (৩০ জুলাই) শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) জাতীয় ছাত্রশক্তির বিশ্ববিদ্যালয় শাখা আয়োজিত ‘অগ্নিঝরা জুলাই: রক্তের ঋণ ও আগামীর বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

নাহিদ ইসলাম বলেন, গত ১৬ বছর ফ্যাসিস্ট সরকার ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট (ডিএসএ) ব্যবহার করে মানুষের মতপ্রকাশের স্বাধীনতা সংকুচিত করেছিল। বর্তমান সরকারও একই ধরনের পথ অনুসরণ করছে বলে অভিযোগ করেন তিনি।

হবিগঞ্জে এনসিপির কর্মসূচিতে হামলা ও বাধার প্রসঙ্গ তুলে তিনি বলেন, গণতান্ত্রিক রাষ্ট্রে ভিন্নমত প্রকাশের সুযোগ থাকতে হবে। কোনো রাজনৈতিক কর্মসূচি দমন করতে বলপ্রয়োগ বা ভয়ভীতি প্রদর্শন গ্রহণযোগ্য নয়।

তিনি আরও বলেন, ফ্যাসিস্ট শক্তির বিচার এবং রাষ্ট্র সংস্কারের দাবিতে তাদের আন্দোলন অব্যাহত থাকবে। তার ভাষায়, ‘ফ্যাসিবাদের বিচার নিশ্চিত হলে নব্য ফ্যাসিবাদ আর মাথাচাড়া দিয়ে উঠতে পারবে না।’

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্ভাব্য দেশে ফেরার প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, ‘তিনি যদি ঢাকার মাটিতে পা রাখেন, তখন দেখা যাবে।’

এর আগে হবিগঞ্জে ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচিতে হামলা এবং মৌলভীবাজারে পুলিশের বাধার অভিযোগের পর বৃহস্পতিবার দুপুরে এনসিপির কেন্দ্রীয় নেতারা সিলেটে পৌঁছান। দক্ষিণ সুরমার পারাইচক বাইপাস এলাকায় দলীয় নেতা-কর্মীরা তাদের ফুল দিয়ে স্বাগত জানান।

পরে তারা শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গিয়ে আলোচনা সভায় অংশ নেন।