The National Press
সর্বশেষ
লোড হচ্ছে...

১৩ বছর পর বাবার পরিচয় পেল ধর্ষণের ঘটনায় জন্ম নেওয়া শিশু, আসামির যাবজ্জীবন

Wednesday, July 08, 2026 The National Press
১৩ বছর পর বাবার পরিচয় পেল ধর্ষণের ঘটনায় জন্ম নেওয়া শিশু, আসামির যাবজ্জীবন

 

নেত্রকোনার বারহাট্টা উপজেলায় বহুল আলোচিত একটি ধর্ষণ মামলায় ১৩ বছর পর আদালতের রায়ে বাবার পরিচয় পেলো ধর্ষণে জন্ম নেওয়া শিশু। মামলার একমাত্র আসামি হেলালকে যাবজ্জীবন কারাদণ্ড, এক লাখ টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরে ছয় মাসের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

বুধবার দুপুরে নেত্রকোনা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক ড. এমদাদুল হক এ রায় ঘোষণা করেন।

আদালত ও মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১৩ সালের ১ মার্চ রাতে জোরপূর্বক ধর্ষণ করে আসামি হেলাল। এ ঘটনায় ওই বছরের ১৩ জুলাই বারহাট্টা থানায় মামলা দায়ের করেন তিনি। পরে মামলাটি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে স্থানান্তরিত হয়। তদন্ত শেষে একই বছরের ১১ অক্টোবর পুলিশ আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করে।

ঘটনার পর বিধবা ওই নারী অন্তঃসত্ত্বা হয়। পরবর্তীতে আদালতের নির্দেশে ডিএনএ পরীক্ষা সম্পন্ন হলে বৈজ্ঞানিকভাবে প্রমাণিত হয়, শিশুটির জৈবিক পিতা হেলাল।

মামলা চলাকালেই ভুক্তভোগী নারী মারা যান। ওই শিশু বর্তমানে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী। আত্মীয়-স্বজনদের সহায়তায় ১৩ বছর ধরে আদালতে পিতৃপরিচয় ও ন্যায়বিচারের জন্য লড়াই চালিয়ে যায়।

নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের পাবলিক প্রসিকিউর মো. নুরুল কবীর রুবেল জানান , ডিএনএ পরীক্ষার মাধ্যমে শিশুটির পিতৃত্ব নিশ্চিত হয়েছে। ফলে তিনি হেলালের আইনগত সন্তান হিসেবে স্বীকৃতি পাবেন এবং প্রচলিত আইন অনুযায়ী পিতার সম্পত্তিসহ অন্যান্য আইনগত অধিকারের দাবিদার হবেন।