The National Press
সর্বশেষ
লোড হচ্ছে...

রান্নার সিলিন্ডারে চলছে সিএনজিচালিত অটোরিকশা, বড় দুর্ঘটনার শঙ্কা

Saturday, August 15, 2026 The National Press
রান্নার সিলিন্ডারে চলছে সিএনজিচালিত অটোরিকশা, বড় দুর্ঘটনার শঙ্কা

মুন্সীগঞ্জের গজারিয়ায় সিএনজিচালিত অটোরিকশায় জ্বালানি হিসেবে রান্নার কাজে ব্যবহৃত এলপিজি সিলিন্ডার ব্যবহার করা হচ্ছে। যাত্রীদের আসনের পেছনে দড়ি দিয়ে সিলিন্ডার বেঁধে ঝুঁকিপূর্ণভাবে এসব অটোরিকশা চলাচল করছে। এতে যেকোনো সময় আগুন বা বিস্ফোরণের মতো বড় দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, গজারিয়ার বিভিন্ন সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘদিন ধরে গ্যাসের সংকট চলছে। অনেক চালক ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়েও গ্যাস পাচ্ছেন না। ফলে আয়-রোজগার বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কায় কেউ কেউ বিকল্প হিসেবে রান্নার এলপিজি সিলিন্ডার ব্যবহার করছেন।

উপজেলার ভবেরচর বাসস্ট্যান্ড থেকে হোগলাকান্দি হয়ে কালীপুরা ট্রলারঘাট সড়কে অন্তত ২৪টি অটোরিকশায় এমন চিত্র দেখা গেছে। এসব গাড়িতে যাত্রীদের আসনের ঠিক পেছনে ঝুঁকিপূর্ণ অবস্থায় সিলিন্ডার বাঁধা ছিল।

এক যাত্রী বলেন, যাত্রীদের ঠিক পেছনে এভাবে গ্যাসের সিলিন্ডার রাখায় তারা আতঙ্কের মধ্যে যাতায়াত করছেন। চালকদের কাছে জানতে চাইলে গ্যাস না পাওয়ার কারণে এমন ব্যবস্থা নেওয়ার কথা জানানো হয়। সামান্য দুর্ঘটনা ঘটলেও বড় বিপদ হতে পারে বলে আশঙ্কা করছেন যাত্রীরা।

আরেক যাত্রী জানান, সিলিন্ডারটি তার ঠিক পেছনে রাখা ছিল। পুরো পথজুড়ে তার মধ্যে আতঙ্ক কাজ করেছে। তিনি প্রশাসনের কাছে এভাবে ঝুঁকিপূর্ণ সিলিন্ডার ব্যবহার দ্রুত বন্ধের দাবি জানান। একই সঙ্গে আগে ৪০ টাকা ভাড়া নেওয়া হলেও এখন ৫০ টাকা নেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

চালকদের দাবি, সিএনজি ফিলিং স্টেশনগুলোতে নিয়মিত গ্যাস পাওয়া গেলে তারা ঝুঁকি নিয়ে এলপিজি ব্যবহার করতেন না। একজন চালক বলেন, গ্যাসের জন্য দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থেকেও অনেক সময় সারাদিনে গ্যাস পাওয়া যায় না। গাড়ি চালাতে না পারলে পরিবারের খরচ চালানো কঠিন হয়ে পড়ে।

স্থানীয়দের মতে, শুধু অটোরিকশাচালকদের বিরুদ্ধে ব্যবস্থা নিলে সমস্যার স্থায়ী সমাধান হবে না। ফিলিং স্টেশনগুলোতে গ্যাস সরবরাহের সংকটের কারণ খুঁজে বের করার পাশাপাশি যানবাহনে রান্নার সিলিন্ডার ব্যবহারের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া প্রয়োজন।

গজারিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার ফিরোজ মিয়া বলেন, এলপি গ্যাস অত্যন্ত দাহ্য। সিলিন্ডারে ত্রুটি, অসতর্কতা কিংবা আগুনের সংস্পর্শে এলে বড় দুর্ঘটনা ঘটতে পারে। বিশেষ করে যাত্রীবাহী অটোরিকশায় এভাবে সিলিন্ডার বহন অত্যন্ত ঝুঁকিপূর্ণ।

ভবেরচর হাইওয়ে থানার ওসি শাহ কামাল আখন্দ জানান, যানবাহনে রান্নার কাজে ব্যবহৃত গ্যাস সিলিন্ডার ব্যবহার নিষিদ্ধ ও বেআইনি। বিষয়টি খতিয়ে দেখে অভিযান পরিচালনা করা হবে এবং জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।