জনগণের অধিকার প্রতিষ্ঠার মাধ্যমেই জুলাই শহীদদের আত্মত্যাগের মর্যাদা রক্ষা সম্ভব: মির্জা ফখরুল
নিজস্ব প্রতিবেদক: জুলাই গণ-অভ্যুত্থানে শহীদদের আত্মত্যাগের যথাযথ মর্যাদা রক্ষায় জনগণের অধিকার নিশ্চিত করে একটি কার্যকর গণতান্ত্রিক রাষ্ট্র গড়ে তোলার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সোমবার (৩ আগস্ট) জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) আয়োজিত জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
মন্ত্রী বলেন, “জুলাইয়ের রক্তের ঋণ শোধ হবে জনগণের অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে। যারা গণতন্ত্রের জন্য জীবন দিয়েছেন, তাদের স্বপ্ন বাস্তবায়নের দায়িত্ব আমাদের সবার।”
অনুষ্ঠানের শুরুতে জুলাই আন্দোলনের শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
মির্জা ফখরুল বলেন, জুলাই গণ-অভ্যুত্থান দেশের গণতান্ত্রিক আন্দোলনে নতুন শক্তি ও প্রেরণা যোগ করেছে। শহীদ ও আহতদের আত্মত্যাগের ফলে দেশের সামনে পরিবর্তনের যে সুযোগ সৃষ্টি হয়েছে, তা কাজে লাগিয়ে জনগণের অধিকারভিত্তিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠা করতে হবে।
তিনি বলেন, দেশের অগ্রগতির জন্য বিভাজন ও সংঘাত নয়, বরং সংলাপ ও পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমে এগিয়ে যাওয়ার বিকল্প নেই।
জুলাই সনদ প্রসঙ্গে তিনি বলেন, সরকার সনদ বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ। এ বিষয়ে সংসদে সংশ্লিষ্ট কমিটি গঠন করা হয়েছে এবং প্রয়োজনীয় সাংবিধানিক ও প্রাতিষ্ঠানিক সংস্কার আলোচনার ভিত্তিতে এগিয়ে নেওয়া হবে।
গণমাধ্যমের ভূমিকার প্রশংসা করে মন্ত্রী বলেন, সাংবাদিকদের কর্মসংস্থান, নিরাপত্তা ও পেশাগত সমস্যাগুলো সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। একই সঙ্গে জুলাই আন্দোলনে নিহত ও আহত সাংবাদিকদের পরিবারের প্রতিও রাষ্ট্রের দায়িত্ব রয়েছে।
তিনি আরও বলেন, বিএনপি জুলাই সনদের অধিকাংশ বিষয়ের সঙ্গে একমত হলেও গণভোটের প্রশ্নে তাদের ভিন্নমত রয়েছে। তবে দলটি জুলাই সনদের মূল লক্ষ্য ও সংস্কার বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ বলেও উল্লেখ করেন।
বর্তমান সরকারের লক্ষ্য নতুন বাংলাদেশ গড়ে তোলা উল্লেখ করে তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র শক্তিশালী করা, জনগণের প্রত্যাশা পূরণ এবং বিভিন্ন খাতে ইতিবাচক পরিবর্তন আনতে সরকার কাজ করছে। এ লক্ষ্য অর্জনে জাতীয় ঐক্যের ওপরও গুরুত্বারোপ করেন তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, জুলাই গণ-অভ্যুত্থানসহ দেশের সব গণতান্ত্রিক আন্দোলনের শহীদদের অবদান জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। তিনি বলেন, জনগণের অধিকার নিশ্চিত করে একটি কার্যকর সংসদ প্রতিষ্ঠাই হবে তাদের আত্মত্যাগের প্রকৃত মূল্যায়ন।
আলোচনা সভায় সাংবাদিক নেতৃবৃন্দ, বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধি এবং বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।