The National Press
সর্বশেষ
লোড হচ্ছে...

সত্য প্রকাশে আপস না করার আহ্বান ডা. শফিকুর রহমানের

Saturday, August 01, 2026 The National Press
সত্য প্রকাশে আপস না করার আহ্বান ডা. শফিকুর রহমানের


বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান এমপি বলেছেন, স্বাধীন, বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল গণমাধ্যমই সমাজে মানুষের আস্থা ফিরিয়ে আনতে পারে। তিনি বলেন, গণমাধ্যম সমাজের চতুর্থ স্তম্ভ এবং সাংবাদিকরা সমাজের বিবেক। সত্য প্রকাশে আপস না করাই গণমাধ্যমের সবচেয়ে বড় দায়িত্ব।

শনিবার সিলেটের বন্দরবাজারে কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্সে দৈনিক জালালাবাদ পত্রিকার ৩৪ বছরে পদার্পণ উপলক্ষে আয়োজিত সুধী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, দৈনিক জালালাবাদ যেন কোনো রাজনৈতিক দলের মুখপাত্র না হয়ে জনগণের মুখপাত্র হিসেবে কাজ করে। নীতিগত অবস্থান বজায় রাখতে গিয়ে কোনো রাজনৈতিক চাপ বা প্রতিকূলতার মুখে পড়লেও সত্য প্রকাশ থেকে সরে না আসার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, কোনো সংবাদ যদি তার ব্যক্তিগতভাবে বা তার দলের বিরুদ্ধেও যায়, তবুও সত্য প্রকাশে যেন গণমাধ্যম পিছপা না হয়। একটি সংবাদমাধ্যম নির্ভয়ে সত্য তুলে ধরতে পারলেই মানুষের আস্থা অর্জন করতে সক্ষম হবে।

সমাজে আস্থার সংকটের কথা উল্লেখ করে তিনি বলেন, বর্তমানে মানুষে মানুষে বিশ্বাসের ঘাটতি তৈরি হয়েছে। বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে সেই সংকট কাটিয়ে উঠতে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

বক্তব্যের শেষে তিনি দৈনিক জালালাবাদের উত্তরোত্তর সাফল্য কামনা করেন এবং দেশের গণমাধ্যমে সত্য, ন্যায় ও জনস্বার্থভিত্তিক সাংবাদিকতার ধারা আরও শক্তিশালী হওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন।

অনুষ্ঠানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ, দৈনিক জালালাবাদের সম্পাদক, শিক্ষাবিদ, রাজনৈতিক ব্যক্তিত্ব এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার জ্যেষ্ঠ সাংবাদিকরা উপস্থিত ছিলেন।