লামায় বোনের পালিয়ে বিয়ের ঘটনায় যুবকের আত্মহত্যা
বান্দরবানের লামা উপজেলায় বোনের পালিয়ে বিয়ের ঘটনায় মানসিকভাবে ভেঙে পড়ে মো. হাসান (২৫) নামে এক যুবক আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে পুলিশ।
মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক ১২টার দিকে লামা পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের চেয়ারম্যানপাড়ার একটি ভাড়া বাসায় এ ঘটনা ঘটে।
নিহত হাসান চট্টগ্রামের পটিয়া উপজেলার কোলাগাঁও টেক এলাকার বাসিন্দা মনো মিয়ার ছেলে এবং মো. সোলাইমানের পালকপুত্র। তিনি দীর্ঘদিন ধরে পরিবারের সঙ্গে লামা পৌরসভার ওই এলাকায় ভাড়া বাসায় বসবাস করছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, হাসানের ছোট বোন সম্প্রতি পরিবারের অজান্তে স্থানীয় এক যুবকের সঙ্গে পালিয়ে গিয়ে বিয়ে করেন। এ ঘটনায় তিনি মানসিকভাবে ভেঙে পড়েন। পরে নিজ কক্ষের বাঁশের আড়ার সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
খবর পেয়ে লামা থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ বান্দরবান সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কায়ছার হামিদ বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে এবং ঘটনার প্রকৃত কারণ জানতে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন এবং তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।