উদ্ধারের পর ১০ ফুটের অজগরকে অবমুক্ত করা হলো সুন্দরবনে
বাগেরহাটের শরণখোলায় ধানক্ষেত থেকে উদ্ধার করা একটি অজগর সাপ সুন্দরবনে অবমুক্ত করা হয়েছে। শুক্রবার (১০ জুলাই) সকালে উপজেলার লাকুড়তলা গ্রাম থেকে সাপটি উদ্ধার করেন সাপুড়ে শামছু তালুকদার।
সুন্দরবন থেকে খাবারের খোঁজে লোকালয়ে এসে নিষিদ্ধ চায়না দুয়ারি জালে আটকা পড়েছিল অজগরটি। স্থানীয়রা জানান, লাকুড়তলা গ্রামের কৃষক মিলন তালুকদার আগের দিন বিকালে মাছ ধরার জন্য ধানক্ষেতে চায়না দুয়ারি জাল পেতে রেখেছিলেন। সকালে জাল তুলতে গিয়ে দেখেন জালে আটকে আছে বিশাল এক অজগর। এ সময় উদ্ধারকারী শামছু তালুকদারকে মোবাইল ফোনে খবর দিলে বৃষ্টির মধ্যে তিনি গিয়ে কৌশলে অজগরটি উদ্ধার করে। পরে সুন্দরবন বিভাগের কাছে অজগরটি হস্তান্তর করা হয়।
বাগেরহাটের পূর্ব সুন্দরবনের শরণখোলা স্টেশন কর্মকর্তা (এসও) মো. খলিলুর রহমান জানান, ১০ ফুট লম্বা ও ৮ কেজি ওজনের এই অজগরটির কোন এক সময়ে খাবারের খোঁজে নদী সাঁতরে লোকালয়ে চয়ে যায়। ধানক্ষেতে পেতে রাখা চায়না দুয়ারি জালে আটকা পড়ে অজগরটি। উদ্ধারকারীরা সুন্দরবন বিভাগের কাছে নিয়ে আসার পরে অজগরটি শরণখোলা রেঞ্জ অফিসের পাশে বনে অবমুক্ত করা হয়েছে।
সূত্র: বাংলাদেশ প্রতিদিন