The Future Press
ব্রেকিং নিউজ
লোড হচ্ছে...

এইচএসসি ছাত্রীকে ধর্ষণের মামলায় ছাত্রদল নেতা জেলহাজতে

Sunday, August 02, 2026 The Future press
এইচএসসি ছাত্রীকে ধর্ষণের মামলায় ছাত্রদল নেতা জেলহাজতে


যশোর প্রতিনিধি: যশোরের চৌগাছায় জাতীয় পরিচয়পত্র (এনআইডি) করে দেওয়ার প্রলোভন দেখিয়ে এইচএসসি দ্বিতীয় বর্ষের এক কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার হওয়া ছাত্রদল নেতা আরাফাত হোসেন রাব্বিকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

রোববার (২ আগস্ট) তাকে আদালতে হাজির করা হলে বিচারক জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

আসামি আরাফাত হোসেন রাব্বি চৌগাছা সরকারি কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন।

এদিকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তারের পর দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাকে সংগঠন থেকে বহিষ্কার করেছে যশোর জেলা ছাত্রদল। জেলা ছাত্রদলের সদস্যসচিব শাহ নেওয়াজ ইমরান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে আরাফাত হোসেন রাব্বিকে প্রাথমিক সদস্যপদসহ সব ধরনের সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়েছে। এ সিদ্ধান্ত অনুমোদন করেছেন জেলা ছাত্রদলের আহ্বায়ক কামরুজ্জামান বাপ্পি ও সদস্যসচিব শাহ নেওয়াজ ইমরান।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, জাতীয় পরিচয়পত্র করে দেওয়ার কথা বলে অভিযুক্ত আরাফাত হোসেন রাব্বি ওই কলেজছাত্রীকে চৌগাছা শহরে নিয়ে যান। পরে পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের নিরিবিলিপাড়া এলাকার একটি বাড়িতে নিয়ে গিয়ে তাকে ধর্ষণ করেন বলে অভিযোগ করা হয়েছে।

ঘটনার পর অসুস্থ অবস্থায় বাড়ি ফিরে ভুক্তভোগী বিষয়টি পরিবারের সদস্যদের জানান। পরে পরিবারের পক্ষ থেকে চৌগাছা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হলে পুলিশ ধর্ষণের মামলা রুজু করে।

অভিযোগের ভিত্তিতে শনিবার (১ আগস্ট) রাতে অভিযান চালিয়ে আরাফাত হোসেন রাব্বিকে গ্রেপ্তার করে পুলিশ। পরদিন আদালতে পাঠানো হলে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।

চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশীদ বলেন, ভুক্তভোগীর দায়ের করা মামলার ভিত্তিতে আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়েছে। মামলার তদন্তসহ অন্যান্য আইনগত কার্যক্রম চলমান রয়েছে।