The Future Press
সর্বশেষ
লোড হচ্ছে...

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে হামলার অভিযোগ, আহত জকসু ভিপি রিয়াজুল ইসলাম

Tuesday, August 04, 2026 The Future press
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে হামলার অভিযোগ, আহত জকসু ভিপি রিয়াজুল ইসলাম

নিজস্ব প্রতিবেদক: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ছাত্রদলের নেতাকর্মীদের হামলায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (জকসু) ভিপি রিয়াজুল ইসলাম গুরুতর আহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ সময় তাকে মারধর করে ক্যাম্পাস থেকে বের করে দেওয়া হয়েছে বলেও দাবি করেছেন জকসুর প্রতিনিধিরা।

মঙ্গলবার (৪ আগস্ট) সকালে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে ইউজিসি চেয়ারম্যানের একটি অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার সময় এ ঘটনা ঘটে।

জকসু সূত্রে জানা গেছে, দ্বিতীয় ক্যাম্পাসের কাজ দ্রুত সেনাবাহিনীর কাছে হস্তান্তর, কেরানীগঞ্জে অস্থায়ী আবাসন প্রকল্প দ্রুত বাস্তবায়ন, মেডিকেল সেন্টারের চিকিৎসাসেবার উন্নয়নসহ শিক্ষার্থীদের বিভিন্ন দাবি তুলে ধরে প্ল্যাকার্ড প্রদর্শনের পরিকল্পনা ছিল। ইউজিসি চেয়ারম্যানের উপস্থিতিতে এসব দাবি জানাতে প্ল্যাকার্ড নিয়ে মিলনায়তনে প্রবেশের চেষ্টা করেন জকসুর প্রতিনিধিরা।

তাদের অভিযোগ, প্ল্যাকার্ড নিয়ে অডিটোরিয়ামে প্রবেশের সময় বাধা দেওয়া হয়। পরে ছাত্রদলের নেতাকর্মী ও প্রশাসনের সংশ্লিষ্টদের সঙ্গে বাকবিতণ্ডা এবং ধস্তাধস্তির ঘটনা ঘটে। একপর্যায়ে তাদের কাছ থেকে প্ল্যাকার্ড ছিনিয়ে নিয়ে ছিঁড়ে ফেলা হয় এবং জকসুর প্রতিনিধিদের ওপর হামলা চালানো হয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, জকসু ভিপি রিয়াজুল ইসলামসহ কয়েকজন প্রতিনিধি অডিটোরিয়ামে প্রবেশের চেষ্টা করলে ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল তাদের বাধা দেন। পরিস্থিতি শান্ত করতে এগিয়ে এলে বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষক ড. কে এ এম রিফাত হাসানকেও ধাক্কা দেওয়া হয় বলে ভিডিওতে দেখা যায়।

ভিডিওতে আরও শোনা যায়, ছাত্রদল আহ্বায়ককে বলতে, “এই দরজা বন্ধ কর, দ্রুত গেট আটকা।” এরপর মিলনায়তনের প্রবেশপথ বন্ধ করে দেওয়া হয়।